যোগাযোগমন্ত্রীকে দেখাতেই সওজ বিভাগের দৌড়ঝাঁপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দুই দিন আগেও নোয়াখালী-ফেনী জাতীয় মহাসড়কটি ছিল একেবারেই সাদামাটা। দুই পাশে বন বিভাগের লাগানো গাছগুলোর পাশাপাশি ঝোপঝাড় ও জঙ্গলে ভরা। দুই পাশের মাটি সরে অনেক স্থানেই তৈরি হয়েছিল যেন মরণফাঁদ। কিন্তু গত দুই দিনেই চেনা-জানা সেই দৃশ্য উধাও হতে চলেছে।গতকাল বৃহস্পতিবার সড়কটির নোয়াখালীর অংশে ঘুরে দেখা যায় অন্য রকম এক দৃশ্য। সড়কের পাশের গাছগুলোকে চুন ও রং দিয়ে সাজাতে ব্যস্ত শ্রমিকেরা। দুই পাশের মাটি সরে গিয়ে সৃষ্টি হওয়া মরণফাঁদগুলোও আর খুব একটা নেই। খানাখন্দগুলো মেরামত করে সড়কের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে।বছরের পর বছর জাতীয় এই মহাসড়কটির বেশির ভাগ অংশেই যেখানে ‘রোড লাইনার’ ছিল না, সেখানে হঠাৎ করে পাশের গাছগুলোকে রং দিয়ে সাজানো এবং ঝোপঝাড় পরিষ্কার করতে দেখে কৌতূহল জন্মায়। এ সময় বেগমগঞ্জের জমিদারহাটের বড়পোল এলাকায় কর্মরত শ্রমিক মো. ফরহাদ জানান, কাজটি সরকারিভাবে করানো হচ্ছে। নোয়াখালীর সীমানার ভেতর সড়কের পাশে যতগুলো গাছপালা রয়েছে, সবগুলোর গোড়ায় রং করা হবে বলে জানান তিনি।কথা হয় স্থানীয় মো. লোকমান, রহিম উল্লাসহ আরও কয়েকজন বাসিন্দার সঙ্গে। তাঁরা জানান, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই পথ দিয়ে নোয়াখালী থেকে চট্টগ্রাম যাবেন বলে তাঁরা শুনেছেন। তাই তাঁকে সড়কের সৌন্দর্য দেখাতেই সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এই দৌড়ঝাঁপ। তবে, মন্ত্রীকে দেখাতেই যে ওই কাজগুলো করা হচ্ছে, তা ঠিক নয় বলে দাবি করেছেন নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল। গতকাল দুপুরে তিনি মুঠোফোনে প্রথম আলোর প্রশ্নের জবাবে বলেন, এটি সওজের রুটিন কাজ। নিয়মিতই সড়কের সৌন্দর্য বৃদ্ধির জন্য ঝোপঝাড় পরিষ্কার এবং পাশের গাছগুলোতে রং দেওয়া হয়; যাতে রাতের বেলায় যানবাহনের চালকেরা সড়কটি ঠিকমতো দেখতে পান।কিন্তু রুটিন কাজ হলে বিগত বছরগুলোতে তো এমনটা হওয়ার কথা ছিল? এ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘আগে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা কেন এ কাজ করেননি, তা তাঁরা বলতে পারবেন। আমি যখন যে স্টেশনে ছিলাম, সড়কগুলো এভাবে সুন্দর রাখার চেষ্টা করেছি। পর্যায়ক্রমে অন্য সড়কগুলোরও একইভাবে সৌন্দর্য বৃদ্ধি করা হবে।’জানা গেছে, জাতীয় মহাসড়ক সর্বনিম্ন ২৪ ফুট প্রশস্ত হওয়ার কথা থাকলেও ফেনী-নোয়াখালী জাতীয় মহাসড়কটি মাত্র ১৮ ফুট। এর ফলে প্রতিনিয়ত মৃত্যুঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালীসহ বিভিন্ন জেলার হাজার হাজার যানবাহন চলাচল করে।