যোগাযোগমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ পরিদর্শনে গতকাল শুক্রবার গাজীপুর যান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ এবং গাজীপুরের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্তের বিরুদ্ধে শোকজ নোটিশের নির্দেশ দেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, মহাসড়কের টঙ্গী থেকে ময়মনসিংহের আগপর্যন্ত অংশের বেহাল দশা দেখে মন্ত্রী কর্তব্যে অবহেলার অভিযোগে তাঁদের ওই নোটিশ দেওয়ার নির্দেশ দেন। সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন তিনি। টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত বেশ কিছু স্থানের জরাজীর্ণ রাস্তা এক সপ্তাহের মধ্যে সংস্কারেরও তিনি নির্দেশ দেন। মন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস, উল্কা সিনেমা হলসংলগ্ন এলাকা, মাওনা চৌরাস্তা, নয়নপুর ও ধনুয়াসহ কয়েকটি স্থানের সড়কের অবস্থাও পর্যবেক্ষণ করেন। তিনি বেলা ১১টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় আবর্জনার স্তূপ ও খানাখন্দ দেখে অসন্তোষ প্রকাশ করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনকালে মন্ত্রী বলেন, জনসাধারণকে দুর্ভোগের হাত থেকে রেহাই দিতে বর্ষার আগেই সড়ক সংস্কারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কের দুটি প্যাকেজের কাজ ঠিকাদারদের মামলার কারণে বন্ধ আছে। তবে আদালতের অনুমতি নিয়ে দরপত্র প্রক্রিয়া চালু করা হয়েছে। জুলাইয়ের শুরুতে এ-সংক্রান্ত জটিলতার ফয়সালা হতে পারে।সাংবাদিক আহত: মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, শ্রীপুর উপজেলার নয়নপুরে যোগাযোগমন্ত্রীর সংবাদ সংগ্রহ করতে গিয়ে একটি গাড়ির ধাক্কায় সমকাল-এর শ্রীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে।