প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা বলেছেন, সৈয়দ আবুল হোসেনের দুর্নীতির কারণেই পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করেছে বিশ্বব্যাংক। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তোপখানা সড়কে নিজ চেম্বারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।নাজমুল হুদা বলেন, ‘প্রধানমন্ত্রী পদ্মা সেতুর অর্থায়ন বন্ধের বিষয়ে আমার সম্পর্কে অসত্য কথা বলেছেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, চারদলীয় জোট সরকারের আমলে মহাখালী ফ্লাইওভারসহ ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টের (ডিইউটিপি) সাফল্যের কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে ঋণচুক্তি সই করেছিল।’ তিনি বলেন, বিশ্বব্যাংক এখনকার যোগাযোগমন্ত্রীর দুর্নীতির অভিযোগের কারণেই অর্থায়ন স্থগিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেছিলেন, বিএনপি আমলের যোগাযোগমন্ত্রীর (নাজমুল হুদা) দুর্নীতির কারণে পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করেছে বিশ্বব্যাংক। এর জবাবে নাজমুল হুদা বলেন, বিশ্বব্যাংক স্পষ্ট করে বলেছে বর্তমান যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের কোম্পানি সাকোর দুর্নীতির কথা। একই সঙ্গে দুর্নীতির তদন্ত সাপেক্ষে বিশ্বব্যাংক অর্থছাড় স্থগিত রেখেছে। তিনি প্রশ্ন করেন, ‘প্রধানমন্ত্রী কেন যোগাযোগমন্ত্রীর পক্ষে এত সাফাই গাইছেন, তা জনগণকে জানাতে হবে। এর পেছনে কি কোনো গোপন রহস্য রয়েছে?’