মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতার কারণে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের সংস্কারকাজ আটকে আছে। যোগাযোগমন্ত্রী গত আগস্ট মাসে এই সড়ক পরিদর্শনে এসে কর্তব্যে অবহেলার কারণে সড়ক ও জনপথ বিভাগের খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলীকে তাৎক্ষণিক বহিষ্কার ও ১৫ দিনের মধ্যে সড়কটি সংস্কার করার নির্দেশ দিয়েছিলেন। যোগাযোগমন্ত্রীর সেই নির্দেশ এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি।সরেজমিনে দেখা যায়, খাগড়াছড়ি-পানছড়ি সড়কের দৈর্ঘ্য ২৫ কিলোমিটার। গত বছর এ সড়কের ৯ কিলোমিটার রাস্তা মেরামত করা হয়েছিল। বাকি ১৬ কিলোমিটার রাস্তা এখন চলাচলের অনুপযোগী। সড়কের ছোটগাছবান এলাকা থেকে পানছড়ি বাজার পর্যন্ত ১৬ কিলোমিটার রাস্তাটি আধা ঘণ্টায় অতিক্রম করা সম্ভব, কিন্তু সেটি এখন অতিক্রম করতে সময় লাগে দেড় ঘণ্টারও বেশি। খাগড়াছড়ি সড়ক বিভাগ সূত্রে জানা যায়, সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে ছয় কোটি টাকার প্রকল্প গ্রহণ, টেন্ডার-প্রক্রিয়া শেষ করে যাবতীয় কাগজপত্র যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন শুধু কাজের আদেশের অপেক্ষা। এ সড়কে চলাচলকারী বাসচালক মোহামঞ্চদ সেলিম বলেন, ‘এ রাস্তায় বাস চালানো খুবই ঝুঁকিপূর্ণ। খুব আস্তে আস্তে করে বাস চালাতে হয়, নইলে বাসের যেমন ক্ষতি হয়, তেমনি যাত্রীরাও কষ্ট পান।’ পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, ‘গত বছর যোগাযোগমন্ত্রী এসে রাস্তাটির অবস্থা স্বচক্ষে দেখে গেছেন। কাজের অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলিও করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের প্রতি তাঁর নির্দেশ শুনে আমরা আশ্বস্ত হয়েছিলাম। আশাবাদী ছিলাম অল্প কিছুদিনের মধ্যে সড়কটি সংস্কারের কাজ শুরু হবে। মন্ত্রীর আদেশের পর আট মাস পার হলেও রাস্তাটি সংস্কার না হওয়ায় আমরা হতাশ।’ খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন, সড়ক সংস্কারের যাবতীয় প্রক্রিয়া অনেক আগেই শেষ হয়েছে। কাগজপত্র অনুমোদনের জন্য মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে কাজের আদেশটি পেলেই কাজ শুরু হবে। সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, দুই মাস আগে যোগাযোগ মন্ত্রণালয় থেকে একটি চিঠিতে জানানো হয়েছে, আগামী জুলাই থেকে তিন পার্বত্য জেলার সড়ক ও জনপথ বিভাগের অধীন জেলার সড়কগুলো পার্বত্য জেলা পরিষদের হাতে হস্তান্তর করা হবে। এ কারণেই যোগাযোগ মন্ত্রণালয় সড়কটি কাজের অনুমোদন দিচ্ছে না। সড়ক বিভাগ পার্বত্য জেলা পরিষদের হাতে হস্তান্তর করা হলে পার্বত্যাঞ্চলের সড়ক ও জনপথ বিভাগ পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে। এই দোটানার কারণে প্রকল্পটি মন্ত্রণালয়ে অনুমোদন হচ্ছে না। কর্মকর্তারা জানান, সড়ক বিভাগ যে মন্ত্রণালয়ের অধীনেই থাকুক কেন, অন্তত জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে সড়কটির দ্রুত সংস্কারের কাজ হাতে নেওয়া জরুরি।