যোগাযোগমন্ত্রীর নির্দেশের পরও শেষ হচ্ছে না সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ মন্ত্রীর নির্দেশের পর এক মাস পার হয়ে গেলেও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভাঙা দুই কিলোমিটারের সংস্কার কাজ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। প্রায় এক বছর ধরে সড়কটির নির্মাণ কাজ অসমাপ্ত অবস্থায় ফেলে রাখায় এর বিভিন্ন স্থান থেকে ইট, পাথর ও বালু উঠে গর্তের সৃষ্টি হয়েছে। অনুপযোগী হয়ে পড়েছে যানবাহন চলাচলের। এ অবস্থার মধ্যেই প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার যাত্রী ও পথচারীদের। গত ৭ জানুয়ারি যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সড়কটি পরিদর্শনে এসে বেহাল অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং সে দিন থেকেই সংস্কার শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তবে সড়ক ও জনপথ অধিদপ্তর সওজ জানিয়েছে, অর্থছাড়ের প্রক্রিয়াসহ সংস্কার কাজ এরইমধ্যে শুরু হয়েছে। শিগগিরই সংস্কার শেষ হবে। সড়ক ও জনপথ সূত্র জানিয়েছে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে লামাপাড়া এলাকায় অবস্থিত ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামকে গত বছরে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের বিকল্প ও প্র্যাকটিস ম্যাচের ভেন্যু হিসেবে নির্ধারিত হওয়ায় ওই সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ শুরু করা হয়। সাইনবোর্ডের মোড় থেকে স্টেডিয়াম পর্যন্ত প্রায় ৬ কিলোমিটারের কাজ সম্পন্নও হয়। কিন্তু অর্থবরাদ্দ না থাকায় শিবু মার্কেট থেকে চাষাঢ়া পর্যন্ত দুই কিলোমিটারের কাজ অসম্পূর্ণ রেখে বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মন্ত্রীর নির্দেশের পর সওজ সড়কের কয়েকটি স্থানে লোক দেখানো কিছু বালু মিশ্রিত পাথর ফেলে দায়িত্ব শেষ করেছে। বুলডোজার দিয়ে উচু-নিচু অংশ সমান করা হলেও গর্ত ভরাট করা হয়নি। সংস্কারের অজুহাতে সড়কের একপাশ প্রায় ১৫ দিন ধরে ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ রাখা হয়েছে। অপরপাশ দিয়ে যান চলাচল করতে গিয়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। এ ছাড়া সড়কে পিচ ঢালাই না করায় যানবাহন চলাকালে গোটা এলাকা ধুলোয় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। দীর্ঘ একবছরেও সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন না করায় ক্ষুব্ধ এলাকাবাসী ও যাত্রীরা। তাঁরা সড়কটির সংস্কার শিগগির শেষ করার দাবি জানিয়েছেন। এ দিকে লিংক রোডের চাঁদমারী এলাকায় রয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ, এলজিএইডি ও জেলা সিভিল সার্জনের কার্যালয়, জেলা জজ আদালতসহ গুরুত্বপূর্ণ অফিস আদালত। রয়েছে বেশ কয়েকটি কিন্ডার গার্টেন। এসব স্কুলে যাতায়াত করতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু ও অভিভাবকদের। যোগাযোগ মন্ত্রীর পিএসের বরাতে এর আগে জানা যায়, গত ১৮ জানুয়ারির মধ্যে সড়কটি যান চলাচলের উপযোগী করে তুলতে মন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন। ১৮ জানুয়ারি জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সওজের নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তুষার কান্তি সাহা জানান, লিংক রোডটি চার লেনে উন্নীতকরণে ৬০ কোটি টাকার বাজেট বরাদ্দ হয়েছিল। ঠিকাদারের ১০ কোটি টাকা বিল বাবদ প্রয়োজনীয় অর্থ না পাওয়ায় তা পরিশোধ করা যায়নি। ফলে ঠিকাদার কাজ বন্ধ রেখে দেয়। তবে, মন্ত্রীর নির্দেশের পর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এপ্রিলের মধ্যে এ কাজ সম্পন্ন করা হবে।