সড়ক দুর্ঘটনার নামে খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মিশুক মুনীরকে হত্যা করা হয়েছে। এ জন্য যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে পদত্যাগ করতে হবে।গতকাল শুক্রবার বান্দরবান প্রেসক্লাবে তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মরণসভায় বক্তারা এ দাবি জানান।নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন। সকাল ১০টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে দুই মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে স্মরণসভা শুরু হয়। নাগরিক সমাজের সভাপতি কে এস মং মারমার সভাপতিত্বে সভায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আশফাক হোসাইন ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লেখক ক্যশৈপ্রু খোকা, মানবাধিকার নেত্রী ডনাইপ্রু নেলী, প্রেসক্লাবের সভাপতি এ কে এম জাহাঙ্গীর প্রমুখ। স্মরণসভার আগে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত মুক্তির গান চলচ্চিত্রটি দেখানো হয়।