যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবি করল জাসদ
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ দাবি করেছে ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক দল জাসদ। জাসদের সভাপতি ও সাংসদ হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া গতকাল বুধবার এক বিবৃতিতে এ দাবি করেন। তাঁরা দক্ষ কাউকে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, অর্থমন্ত্রীর সুনির্দিষ্ট বক্তব্যের পর যোগাযোগব্যবস্থার বিপর্যয়ের দায়িত্ব স্বীকার করে যোগাযোগমন্ত্রীর পদত্যাগ করা উচিত। কয়েক মাস আগে সড়ক ও যোগাযোগব্যবস্থার বিপর্যয় নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন উত্থাপনের পর যোগাযোগমন্ত্রী অর্থসংকটের অজুহাত দেখিয়ে কেবল দেশবাসীকে বিভ্রান্ত করেননি, দায়িত্বও এড়িয়েছেন। অর্থমন্ত্রীর বক্তব্যে এটা প্রমাণিত হয়েছে, মহাসড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য বাজেটে যথেষ্ট বরাদ্দ আছে। যোগাযোগ মন্ত্রণালয় রহস্যজনক কারণে সে বরাদ্দ ছাড় করেনি।