যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবিতে নির্মল সেনের অবস্থান ধর্মঘট
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিরাপদ সড়ক, নিরাপদ জীবন ও যোগাযোগমন্ত্রীর পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবার কলামিস্ট ও সাংবাদিক নির্মল সেন অবস্থান ধর্মঘট পালন করেছেন। একই দিন কক্সবাজারে ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতার উদ্যোগে এক কর্মসূচিতে নৌ ও যোগাযোগমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়েছে। কোটালীপাড়া সদরের শহীদ মিনারে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লবী পার্টি আয়োজিত এ কর্মসূচিতে নির্মল সেন অংশ নেন। নির্মল সেন বলেন, ‘সম্প্র্রতি চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রায় অর্ধশত ছাত্রের মৃত্যু হয়েছে। এর কিছুদিন পর চিত্রপরিচালক তারেক মাসুদ, মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মুনির সড়ক দুর্ঘটনায় মারা যান। কিন্তু এর দায়দায়িত্ব কেউ নিচ্ছে না। সড়কের কথা উঠলেই যোগাযোগমন্ত্রী তাঁর সেই পরিচিত হাসি হেসে সাংবাদিকদের সামনে কথা বলেন। আমি তাঁর এ নির্লজ্জ হাসির নিন্দা জানাই। আমি যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’নির্মল সেন আরও বলেন, ‘একসময় স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চেয়েছিলাম। সময়টি ছিল ১৯৭৩ সাল। আমি চাই না আমার মৃত্যুর পর লাশের ময়নাতদন্ত হোক। আমার দেহ শকুনের মতো কেটেছিঁড়ে কেউ দেখুক। ’৭১ সালে আলবদরের হাতে বন্ধুদের যে মৃত্যু হয়েছে, তা শোকের তবু স্মরণীয়।্রআমি স্বাভাবিক মৃত্যু চাই। তাই আন্দোলনে নেমেছি। আমরা নিরাপদ সড়ক চাই। নিরাপদ জীবন চাই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।’সমাবেশে অন্যান্যের মধ্যে শিক্ষক দেবতোষ দে, উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক অশোক কর্মকার, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন। এদিকে কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গতকাল দুপুরে ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতার উদ্যোগে এক ঘণ্টার প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে নৌ ও যোগাযোগমন্ত্রীর পদত্যাগ, স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাসহ সাত দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি দীলিপ দাশ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা সত্যপ্রিয় চৌধুরী, সাংবাদিক ও সাহিত্যিক বিশ্বজি ৎ সেন, পৌরসভার কাউন্সিলর আকতার কামাল, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অনিল দত্ত, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মো. রিদুয়ান আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবনেতা সাইফুদ্দীন আহমদ। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দায় সরকার ও রাষ্ট্রকে নিতে হবে। এসব অস্বাভাবিক মৃত্যুর পেছনে সড়ক ও নৌপরিবহন খাতের চরম দুর্নীতি, অব্যবস্থাপনা, যোগাযোগ খাতের নৈরাজ্য এবং রাষ্ট্রের নীরবতাই দায়ী। তাই তাঁরা যোগাযোগ ও নৌমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। যোগাযোগমন্ত্রীর পক্ষে মানববন্ধন কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি জানান, গণমাধ্যমে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মাদারীপুরের কালকিনি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ মানববন্ধন ও সমাবেশ করেছে। কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে গতকাল মঙ্গলবার ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।উপজেলা ছাত্রলীগের সভাপতি অহিদুজ্জামান বুলেটের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুহুল আমিন মীরের পরিচালনায় মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন পৌর ছাত্রলীগের সভাপতি বাকামিন খান, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ফকির, কলেজ ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন প্রমুখ।