যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবিতে ২০ অক্টোবর শহীদ মিনারে অবস্থান
যোগাযোগমন্ত্রীর পদত্যাগ ও পদ্মা সেতু নিয়ে চলমান দুর্নীতি তদন্তের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ২০ অক্টোবর অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতা। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতা আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ এ ঘোষণা দেন।যোগাযোগ মন্ত্রণালয়সহ সব বিভাগের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আয়োজিত এই মতবিনিময় সভায় সৈয়দ আবুল মকসুদ বলেন, তরুণেরা আওয়ামী লীগকে ভোট দিয়েছে কিন্তু মাথা বিক্রি করে দেয়নি। সব দুর্নীতির বিরুদ্ধে তরুণেরা প্রতিবাদ করবে। যোগাযোগমন্ত্রীকে বহাল রেখে তাঁর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। তাঁকে পদত্যাগ করতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আওয়ামী লীগের সাবেক সাংসদ মাহমুদুর রহমান মান্না, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মহাসচিব আনু মুহাম্মদ, প্রকৌশলী এনামুল হক, নারী অধিকার পরিষদের আহ্বায়ক ফরিদা আক্তার, অভিনেত্রী রোকেয়া প্রাচী প্রমুখ।