যোগাযোগমন্ত্রীর মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শনিবার কক্সবাজার সৈকত তীরের মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী শহরের কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ৮৪ কিলোমিটার লম্বা এই সড়ক তৈরি করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যোগাযোগমন্ত্রী গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে উখিয়া উপজেলার ইনানী সৈকতের পারে সেনাবাহিনীর বে-রিসোর্ট হেলিপ্যাডে নামেন। এরপর মেরিন ড্রাইভ সড়কের উখিয়া অংশের চেপটখালী, চোয়াংখালী, মোহাম্মদ শফিরবিল, রূপপতি, ইমামেরডেইল, পাটুয়ারটেক এলাকা পরিদর্শন করেন। সেনাবাহিনীর ১৭ ইসিবি (ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন) এই সড়কের নির্মাণকাজ বাস্তবায়ন করছে। এ সময় সঙ্গে ছিলেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের চিফ মেজর জেনারেল আবদুল কাদের, ব্রিগেডিয়ার জেনারেল মাঈনুদ্দীন ও আবদুল ওহাব, কক্সবাজার ১৭ ইসিবি অধিনায়ক লে. কর্নেল এস এম আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পুলিশ সুপার মো. আজাদ মিয়া, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, সমুদ্র উপকূলের মেরিন ড্রাইভ সড়কের নির্মাণকাজ পরিদর্শনে আসেন যোগাযোগমন্ত্রী। ইনানীর একটি রিসোর্টে রাত যাপন করে কাল রোববার সকালে তিনি হেলিকপ্টারে ঢাকায় ফিরে যাবেন।
১৭ ইসিবি অধিনায়ক লে. কর্নেল এস এম আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, মেরিন ড্রাইভ সড়কের নির্মাণকাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী। সড়কটি পুরোপুরি নির্মিত হলে দেশি-বিদেশি পর্যটকেরা সমুদ্র আর পাহাড় দেখে দেখে অল্প সময়ে কক্সবাজার থেকে টেকনাফ যাতায়াতের সুযোগ পাবেন।