যোগাযোগমন্ত্রীর শোভাযাত্রা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ সড়কের দাবিতে ঈদে ঘরমুখো মানুষকে বিড়ম্বনায় ফেলে গতকাল সোমবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। এতে অংশ নেন জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ পরিবহনের মালিক ও শ্রমিকেরা।শোভাযাত্রার কারণে মহাসড়কসহ মানিকগঞ্জ বাসস্ট্যান্ড-শহর সংযোগ সড়কে আটকে পড়ে কয়েক শ যানবাহন। দুর্ভোগের শিকার হয় ঈদে ঘরমুখী ও কেনাকাটা করতে আসা মানুষ।‘সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে গণসচেতনতা বৃদ্ধির’ স্লোগান নিয়ে বের করা শোভাযাত্রা শুরু হয় ব্যস্ততম ঢাকা-আরিচা মহসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মুন্নু ফিলিং স্টেশন থেকে বিকেল সাড়ে চারটায়। শোভাযাত্রার সম্মুখভাগে ছিলেন স্থানীয় সাংসদ জাহিদ মালেক, কণ্ঠশিল্পী ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মমতাজ বেগম এবং নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শোভাযাত্রা ঢাকা-আরিচা মহাসড়কসহ মানিকগঞ্জ বাসস্ট্যান্ড-শহর সংযোগ সড়ক হয়ে জেলা পরিষদে গিয়ে শেষ হয়। এরপর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।মানিকগঞ্জ জেলা প্রশাসক মুনশি শাহাবুদ্দীন আহমেদের সভাপতিত্বে ‘সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে গণসচেতনতা বৃদ্ধিমূলক’ ওই আলোচনা সভায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। বক্তব্য দেন স্থানীয় সাংসদ জাহিদ মালেক, কণ্ঠশিল্পী ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মমতাজ বেগম, যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান, বিআরটিএর চেয়ারম্যান মো. আইয়ুবুর রহমান খান, সরকারি কর্মকমিশনের সদস্য ইকরাম আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া ও নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।যোগাযোগমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনার জন্য মালিক, চালক, পথচারী ও সড়ক সবাই দায়ী। তাই দুর্ঘটনা রোধে সবাইকেই সচেতন হতে হবে।আলোচনায় অংশ নিয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে আমরা শোভাযাত্রায় অংশ নিলাম, সে বিষয়ে কেউ স্লোগান দেননি। শুধু “যোগাযোগমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম” বলতে বলতেই শোভাযাত্রা শেষ হয়ে গেল। এটা খুবই দুঃখজনক।’মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে ১৭টি বিপজ্জনক দুর্ঘটনাপ্রবণ বাঁক রয়েছে। শুধু ঘিওরের পুখুরিয়া বাঁকেই ১৯৯৮ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ৭৭টি দুর্ঘটনা ঘটেছে।