যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা কামনা করলেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের স্বার্থে দক্ষিণ এশীয় অঞ্চল ও এর বাইরের সঙ্গে যোগাযোগ বাড়াতে ভুটানের সহায়তা কামনা করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল রোববার বঙ্গভবনে বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠকের সময় রাষ্ট্রপতি এ সহায়তা চান। খবর বাসসের।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে জানান, পানিসম্পদ ব্যবস্থাপনা ও বিদ্যুৎ, জলবিদ্যুৎ এবং যোগাযোগ বিষয়ে উপাঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ভুটানের সক্রিয় ও কার্যকর অংশগ্রহণের ওপরও জোর দেন রাষ্ট্রপতি।
ভুটানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে উভয় দেশের মধ্যকার সহযোগিতা আরও জোরদার হবে। তিনি রাষ্ট্রপতিকে ভুটান সফরের আমন্ত্রণ জানান।
স্কয়ার ফার্মার কারখানা পরিদর্শন: ভুটানের প্রধানমন্ত্রী তোবগে গতকাল সকালে গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানা পরিদর্শন করেছেন। বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী তোবগে এবং তাঁর সফরসঙ্গীরা সেখানে পৌঁছান। এরপর কারখানা ঘুরে দেখেন। এ সময় কারখানার উৎপাদন, সরবরাহ ও পণ্যের মান সম্পর্কে ভুটানের প্রধানমন্ত্রীকে অবহিত করেন কোম্পানির কর্মকর্তারা।