যোগাযোগের জন্য নাম চেয়ে দলগুলোকে চিঠি দিচ্ছে ইসি
যোগাযোগের জন্য ‘ফোকাল পয়েন্ট’ হিসেবে একজন দায়িত্বশীল নেতা বা ব্যক্তির নাম নির্বাচন কমিশনে জমা দিতে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলকে চিঠি পাঠানো শুরু করেছে কমিশন। আগামী আগস্টে দলগুলোর সঙ্গে সংলাপ এবং জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে কমিশন এই নাম চেয়েছে বলে জানা গেছে।
গতকাল বুধবার এ-সংক্রান্ত চিঠিগুলো দলগুলোর কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানায় পাঠানো শুরু হয়েছে। তবে গতকাল প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির দপ্তরে এ-সংক্রান্ত চিঠি পৌঁছায়নি।
বর্তমানে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ৪০টি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা এবং কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম, কেন্দ্রীয় কার্যালয়ের ফোন নম্বর দেওয়া আছে। নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা বলেন, ছোট দলগুলোর কেন্দ্রীয় কার্যালয় পরিবর্তন হয়েছে। অনেক দলের কেন্দ্রীয় কার্যালয়ের ফোন নম্বরও ঠিক নেই। এ কারণে দ্রুততম সময়ে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আগস্টে সংলাপ উপলক্ষে ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর যোগাযোগ অনেক বাড়বে। এ জন্য দলগুলোর কাছে এমন একজন ব্যক্তির নাম চাওয়া হয়েছে, যাঁর সঙ্গে কমিশন সব সময় যোগাযোগ রাখতে পারে এবং ওই ব্যক্তি কমিশনের চাওয়া ও কমিশনের দেওয়া তথ্য দ্রুত দলের উচ্চপর্যায়ে পৌঁছে দিতে সক্ষম হন।
নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহর সই করা চিঠিতে দলগুলোর হালনাগাদ তথ্যও জানতে চাওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এ-সংক্রান্ত তথ্য দিতে হবে।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রথম আলোকে বলেন, তাঁরা এখনো চিঠি পাননি। একই কথা জানিয়েছেন বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম।