যোগাযোগের দুর্ভিক্ষে আট লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সেতুর কাজ ১২ বছর ধরে চলছে। আরও দুটি সেতু ভেঙে পড়ে আছে। সড়কের বাকি কমপক্ষে ১৫টি সেতুও মারাত্মক ঝুঁকিপূর্ণ। সড়কের দুই কিলোমিটারজুড়ে গর্তে ভরা। দীর্ঘদিন ধরে এমনই নাজুক দশা দুর্গাপুর-বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের। বর্তমানে অবস্থা এমন পর্যায়ে গেছে যে, দুর্ঘটনার ভয়ে জরুরি প্রয়োজনেও মানুষ যাতায়াত করতে পারছে না।দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক অঞ্জন ম্রং একটি পারিবারিক উৎসবে যোগ দিতে স্ত্রী-সন্তান নিয়ে দুর্গাপুর থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন। ভাঙা সেতুর জায়গায় এসে তাঁরা আটকা পড়েন। স্ত্রী-সন্তানকে পার করতে না পেরে অবশেষে তিনি একাই যোগ দেন উৎসবে। তাঁর মতো এ রকম নেত্রকোনার সীমান্তবর্তী পাহাড়ি জনপদের লাখ লাখ মানুষ প্রতিদিন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে এ সড়কে। অঞ্জন ম্রং ক্ষোভের সঙ্গে বলেন, সড়কটি নিয়ে লাখ লাখ মানুষের সঙ্গে মশকরা করা হচ্ছে। রাজনৈতিক টালবাহানা চলছে। তিনি আরও বলেন, কর্তৃপক্ষের উচিত সড়কটি উন্নয়নে আর কত বছর অপেক্ষা করতে হবে, জনগণের কাছে এর একটি সঠিক ধারণা দেওয়া।নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, নেত্রকোনা সওজের অধীন ৩৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দুর্গাপুর উপজেলা সদর থেকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে যুক্ত হয়েছে। এ সড়ক দিয়ে নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলাসহ সীমান্তবর্তী পাহাড়ি এলাকার আট লক্ষাধিক মানুষ প্রতিদিন যাতায়াত করে। সকড়টির দুরবস্থার কারণে তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড মারত্মকভাবে ব্যাহত হচ্ছে।এ সড়ক সম্পর্কে দুর্গাপুর পৌরসভার মেয়র শুভেন্দু সরকার বলেন, এটা দুর্গাপুরবাসীর কপালের কষ্ট। ওই রাস্তাটির কারণে যোগাযোগের ক্ষেত্রে তারা দুর্ভিক্ষের মধ্যে আছে। যুগ যুগ ধরে আশার বাণী ছাড়া বাস্তবে কোনো উন্নয়ন হচ্ছে না।সরেজমিনে দেখা গেছে, ১৫টি সেতু-কালভার্টের সবগুলোই ঝুঁকিপূর্ণ। কলাতলী এলাকায় একটি ও শুকনাকুড়িতে দুটি বেইলি সেতু ভাঙা। পাশের নিচু জমিতে তৈরি বিকল্প মাটির রাস্তায় যান চলাচল করছে। বর্ষায় এসব জায়গা তলিয়ে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে এলাকাবাসী জানায়। সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নেত্রকোনা সওজের উপসহকারী প্রকৌশলী মহিউদ্দিন জানান, ২০১৩ সালের মধ্যে ৯০ কোটি টাকায় সড়কটির উন্নয়ন করে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হবে। আগামী জুলাই মাসে কাজ শুরু হওয়ার কথা। নেত্রকোনা সওজের নির্বাহী প্রকৌশলী এ কে এম জুলফিকার ইসলাম জানান, রাস্তাটি উন্নয়নের জন্য পরিকল্পনা কমিশনে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব দাখিল করা হয়েছে। দাপ্তরিক কার্যক্রম শেষে আগামী অর্থবছরে রাস্তাসহ সেতু-কালভার্টগুলো উন্নয়নের কাজ শুরু করা সম্ভব হবে।নেত্রকোনা-৫ আসনের সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল বীর-প্রতীক বলেন, সড়কের ২৩ কিলোমিটার অংশ তাঁর নির্বাচনী এলাকায় পড়েছে। এ অংশের একটি সেতুর কাজ শুরু ও সড়কে কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। বাকি ছয়টি সেতুর পুনর্নির্মাণ ও রাস্তাটি ১২ ফুট থেকে ১৮ ফুট প্রশস্তকরণের কাজের জন্য দরপত্র প্রক্রিয়াধীন আছে। তিন দিন ধরে দুটি মুঠোফোন নম্বরে চেষ্টা করে নেত্রকোনা-১ আসনের সাংসদ মোস্তাক আহমেদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।