যোগ্য নাগরিক হতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহায়তার জন্য নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতি আজ শনিবার রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া এবং ২০১৩ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের ভাষণে এ কথা বলেন।
সালেহা ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি আটজন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানকে পদক দেন।
রাষ্ট্রপতি বলেন, ‘আমরা ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করলেও এখন পর্যন্ত সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি পুরোপুরি অর্জন করতে পারিনি।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখতেন। আমার প্রত্যাশা, তোমরা ওই স্বপ্ন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করবে।’
মাত্র চার ঘণ্টার সফরে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে দুপুর ১২টায় বাগমারা পৌঁছান। তিনি এখানে বঙ্গবন্ধু কমপ্লেক্স পরিদর্শন করেন এবং কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
রাষ্ট্রপতি শিক্ষার্থীদের প্রতি ক্লাস নোট ও নোটভিত্তিক কোচিং সেন্টারে আবদ্ধ না থেকে পাঠের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ‘নিয়মিত পড়াশোনার পাশাপাশি চিত্রকলা, সাহিত্য ও সংস্কৃতিচর্চা এবং খেলাধুলা তোমাদের জীবনকে সমৃদ্ধ করবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালেহা-ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংসদ এনামুল হক।