যোগ্য নেতারাই সামনে এগোবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তালাইমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তামান্না ইয়াসমিন, রাখি খাতুন ও মারুফা। চার দিন হলো তারা কাব ক্যাম্পুরিতে এসেছে। বাংলাদেশ স্কাউটস আয়োজিত সপ্তম জাতীয় কাব ক্যাম্পুরিতে যোগ দিয়েছে তাদের মতো আরও আট হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গতকাল শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের ক্যাম্পুরিতে কথা হয় কয়েকজন খুদে স্কাউটের সঙ্গে। এ বছরের প্রতিপাদ্য ‘সকল বাধা পেরিয়ে যাব’।গতকাল চতুর্থ দিনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। ‘ক্যাপ্টেন মনসুর আলী’ ক্যাম্পে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুদে স্কাউটদের উদ্দেশে তিনি বলেন, এখানে যারা কাব ক্যাম্পুরিতে এসেছে, তাদের মধ্যে নেতৃত্ব অর্জনের ইচ্ছা রয়েছে। সব বাধা পেরিয়ে যারা সামনে যাবে, তারাই যোগ্য নেতা হতে পারবে।’ বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিটির (গবেষণা ও মূল্যায়ন) সভাপতি মিকাইল শিপারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাতীয় কমিটির নির্বাহী সচিব মো. মুজিবুর রহমান। বিকেলে বন্ধু খুঁজি অনুষ্ঠানে যোগ দেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান। খেলা অনুষ্ঠানে অংশ নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাংসদ মো. নাসিম।গতকাল শুক্রবার ভোরে কাব স্কাউটরা ঘুম থেকে উঠে যোগ দেয় নির্দিষ্ট অনুষ্ঠানে। ‘সৈয়দ নজরুল ইসলাম ভিলেজ’-এর শিক্ষার্থী ও লিডাররা গিয়েছিল নন্দন পার্কে। ‘তাজউদ্দীন আহমদ ভিলেজ’-এর কাবরা যোগ দেয় কার্নিভাল অনুষ্ঠানে। ‘কামরুজ্জামান ভিলেজ’ অংশ নেয় বন্ধু খুঁজি অনুষ্ঠানে। আর ‘ক্যাপ্টেন এম মনসুর আলী ভিলেজ’ অংশ নেয় ‘আমিও পারি’ ও ‘প্রযুক্তির আলো’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে। ১৪ ফেব্রুয়ারি সমাপ্তি ঘোষণা করবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।