যোগ্য প্রার্থী বাদ, পদের বাইরেও শিক্ষক নিয়োগের অভিযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে প্রভাষক পদের জন্য আবেদন করেছিলেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি তানিয়া আফছার ও সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আরিফ উদ্দিন খান। শিক্ষাজীবনের প্রত্যেক স্তরে তাঁদের প্রথম শ্রেণী ও প্রথম শ্রেণীর সমমানের জিপিএ আছে। কিন্তু বিভাগের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাঁদের বাদ দিয়ে নেওয়া হয়েছে অপেক্ষাকৃত কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের। আবার একই বিভাগে সাতটি পদের বিপরীতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ১০ জন, যা বিজ্ঞাপিত পদের চেয়ে তিনজন বেশি। দুটি বিজ্ঞাপনের মাধ্যমে এসব শিক্ষক নিয়োগ দেওয়া হয়। সমাজতত্ত্ব বিভাগের মতো আরও পাঁচটি বিভাগে বিজ্ঞাপিত পদের চেয়ে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এই ছয়টি বিভাগে ২৭টি বিজ্ঞাপিত পদের বিপরীতে ৪৩ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। পদের অতিরিক্ত ও অপেক্ষাকৃত কম যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ প্রথম আলোকে বলেন, ‘অনেক বিভাগে শিক্ষক সংকট আছে। আবার অনেক বিভাগে প্রায় ১০ বছর ধরে শিক্ষক নিয়োগ হয়নি। বিভিন্ন বিভাগে শিক্ষক প্রয়োজন। তাই নির্বাচনী বোর্ডে উপযুক্ত প্রার্থী পাওয়ায় অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।’ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সমাজতত্ত্ব বিভাগে সাতটি পদের বিপরীতে ১০, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে দুটি পদে চার, মাইক্রোবায়োলজি বিভাগে সাতটি পদের বিপরীতে নয়, বাংলা বিভাগে তিনটি পদের বিপরীতে সাত, নৃবিজ্ঞান বিভাগে চারটি পদের বিপরীতে সাত এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে চারটি পদের বিপরীতে ছয়জনকে নিয়োগ দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, ১৫ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই নিয়োগ চূড়ান্ত করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বিএনপিপন্থী শিক্ষক মোজাফ্ফর আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘তড়িঘড়ি করে শিক্ষক নিয়োগ দেওয়ার কারণে যোগ্য প্রার্থীরা নিয়োগ পান না। ফলে একদিকে যেমন শিক্ষকদের মান সমুন্নত থাকে না, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’ বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সমাজতত্ত্ব বিভাগে শিক্ষক নিয়োগে ২০১০ সালের ৩ মার্চ প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এ সময় চারটি পদের বিপরীতে চারজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে অবশ্য এ সিদ্ধান্ত বাতিল করা হয়। এই চারজনের মধ্যে মো. আরিফ উদ্দিন খানও ছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি আবার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। দুটি বিজ্ঞাপনের মাধ্যমে এবার সাতজনের বিপরীতে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়। তবে এবার বাদ পড়ে যান মো. আরিফ উদ্দিন খান। অভিযোগ রয়েছে, শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া অধিকাংশের শিক্ষাগত যোগ্যতা মো. আরিফ উদ্দিন খানের তুলনায় কম। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আরিফ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘আমার চেয়ে কম যোগ্যতাসম্পন্ন প্রার্থী শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন। আর আমি মুক্তিযোদ্ধার সন্তান। মেধা থাকা সত্ত্বেও নিয়োগ পাইনি। আর কোটা পদ্ধতিও অনুসরণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’ জানা গেছে, নৃবিজ্ঞান বিভাগে নিয়োগ পাওয়া সাত শিক্ষকের মধ্যে মোকতার আহমেদ চৌধুরীর স্নাতকোত্তর শ্রেণীর জিপিএ হচ্ছে ৩.০৮। আর স্নাতক শ্রেণীর জিপিএ হচ্ছে ৩.৩৮। একই বিভাগে নিয়োগ পাওয়া এস এম সাদাত আল সজীবের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে জিপিএ হচ্ছে যথাক্রমে ৩.৩৭ ও ৩.২৫। প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়া আরেক শিক্ষক মোহাম্মদ কাজিম নূর সোহাদের জিপিএ হচ্ছে যথাক্রমে ৩.১৫ ও ৩.২১। বিভাগ সূত্রে জানা গেছে, ওই কজনের তুলনায় অন্তত চারজন আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা আরও বেশি ছিল। তাঁদের প্রত্যেকেরই স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে জিপিএ হচ্ছে ৩.৫০ বা তার বেশি। অথচ তাঁদের নিয়োগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিভাগের কয়েকজন শিক্ষক।