যোগ্য প্রার্থী লাগবে না লাঙল দেখেই মানুষ ভোট দেবে: এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যোগ্য প্রার্থীর দরকার নেই, মানুষ লাঙল প্রতীক দেখেই ভোট দেবে। গতকাল শনিবার সকালে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটির যৌথ সভায় তিনি এ কথা বলেন।৩০০ আসনে জাপার প্রার্থী পাওয়া যাচ্ছে না বলে একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করে এরশাদ বলেন, এককভাবে নির্বাচন করেই জাতীয় পার্টি ক্ষমতায় যাবে।ফেনী নদীর পানি রক্ষার দাবিতে কাল সোমবার ফেনী অভিমুখে জাতীয় পার্টির লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে এ সভা আহ্বান করা হয়।সভায় এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি দেশ ও জাতির স্বার্থে কর্মসূচি গ্রহণ করে। ফেনী নদী অভিমুখে লংমার্চের মাধ্যমে আমাদের পানিতে ভারতের ভাগ বসানোর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাব।’সভায় দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন।