যোগ্য ব্যক্তি নির্ধারণে প্রধান বিচারপতি মুখ্য ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি নিয়োগের বিদ্যমান প্রক্রিয়া প্রধান বিচারপতি আরও উন্নত করতে পারেন। নিয়োগের জন্য আইনজীবী ও অধস্তন আদালতে কাজ করা বিচারকদের মধ্যে সত্যিকার অর্থে যোগ্য ব্যক্তি নির্ধারণে প্রধান বিচারপতি মুখ্য ও উপযুক্ত ব্যক্তি বলে মত দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নিয়োগ বিষয়ে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায়ে এমন মত এসেছে।
যোগ্যতার বিষয়ে সাত দফা পর্যবেক্ষণসহ হাইকোর্টের দেওয়া ৪৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় গতকাল সোমবার প্রকাশ পেয়েছে। বিচারক নিয়োগ-প্রক্রিয়ায় বাছাইয়ের বিষয়ে দিকনির্দেশনা প্রণয়নে নির্দেশনা চেয়ে করা এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত ১৩ এপ্রিল বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পর্যবেক্ষণসহ রুল নিষ্পত্তি করে রায় দেন। ২০১০ সালের ৩০ মে সুপ্রিম কোর্টের আইনজীবী রাগীব রউফ চৌধুরী রিট আবেদনটি করেছিলেন। প্রাথমিক শুনানি নিয়ে ২০১০ সালের ৬ জুন হাইকোর্ট রুল দেন।
সাত দফা পর্যবেক্ষণের প্রথমটিতে বলা হয়, একজন ব্যক্তি, যিনি বাংলাদেশের নাগরিক ও যিনি সংবিধানের ৮ অনুচ্ছেদে বর্ণিত বাংলাদেশের চারটি রাষ্ট্রীয় মূলনীতি যথা জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ওপর এবং মুক্তিযুদ্ধের ওপর আস্থা রাখেন (যে যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে) তাঁকে নিয়োগে সুপারিশ করা যাবে।
দ্বিতীয় পর্যবেক্ষণে বলা হয়, সুপারিশ করা ব্যক্তির মেধাসম্পন্ন শিক্ষাজীবন, সমৃদ্ধ পেশাগত দক্ষতা, আইনগত বিচক্ষণতা ও একাগ্রতা থাকতে হবে। তৃতীয় দফায় বলা হয়, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আগ্রহী প্রার্থীর জীবন-বৃত্তান্ত রাখা যেতে পারে, যাতে প্রধান বিচারপতি চাইলে প্রাথমিক বিবেচনার জন্য ওই ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাঁদের সম্পদ ও হিসাব বিবরণীসহ সাক্ষাৎকারের জন্য হাজির হতে পারেন; যা কার্যকর, স্বচ্ছ ও নিরপেক্ষ প্রকাশের মধ্য দিয়ে যথার্থ সুপারিশের জন্য সহায়ক হবে।
চতুর্থ দফায় বলা হয়, পেশাগত ক্ষেত্রে সময় দেওয়ার মধ্য দিয়ে একজন ব্যক্তি পেশাগত দক্ষতা এবং যোগ্যতা অর্জন করেন, তাই সাধারণভাবেই সুপারিশের ক্ষেত্রে প্রার্থীর বয়স অন্যতম মুখ্য বিবেচ্য হতে পারে। আদালতের মত, সুপ্রিম কোর্টের বিচারক হতে হলে ন্যূনতম বয়স ৪৫ বছর হতে হবে।
পঞ্চম পর্যবেক্ষণে বলা হয়, উচ্চমানসম্পন্ন নিয়োগ নিশ্চিত করতে প্রধান বিচারপতির সুপারিশের ক্ষেত্রে আপিল বিভাগে তালিকাভুক্ত আইনজীবীরা অগ্রাধিকার পেতে পারেন। তবে খুব ব্যতিক্রমী ক্ষেত্রে হাইকোর্টে তালিকাভুক্ত আইনজীবীদেরও তাঁদের কাজের ব্যাপ্তি, অভিজ্ঞতা, সততা ও আন্তরিকতাকে বিবেচনায় নিয়ে হাইকোর্ট বিভাগের জন্য সুপারিশ করা যেতে পারে। ষষ্ঠ পর্যবেক্ষণ হচ্ছে, অধস্তন আদালতের বিচারকদের ক্ষেত্রে জেলা ও দায়রা আদালতে বিচারিক অভিজ্ঞতা তিন বছরের কম হলে তাঁরা উচ্চতর বিচারিক ক্ষেত্রে নিয়োগ পেতে বিবেচনার জন্য সুপারিশের গণ্য হবেন না। সপ্তম পর্যবেক্ষণে বলা হয়, অধস্তন আদালতে কর্মরত ব্যক্তিদের সুপারিশের ক্ষেত্রে মেধা এবং একাগ্রতাও অন্যতম বিবেচ্য হবে। মনে রাখতে হবে, উচ্চ মেধাসম্পন্ন একজন ব্যক্তির একাগ্রতা না থাকলে তিনি প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর হয়ে থাকেন।
রায়ে বলা হয়, হাইকোর্ট বিভাগ থেকে কাউকে নিয়োগের ক্ষেত্রে বাছাইয়ের জন্য মতামত গঠন এবং যথার্থ, কার্যকর ও স্বচ্ছ সুপারিশের জন্য প্রধান বিচারপতি প্রয়োজন মনে করলে আপিল বিভাগের দুজন এবং হাইকোর্ট বিভাগের দুজন জ্যেষ্ঠতম বিচারপতির সঙ্গে পরামর্শ করতে পারেন। প্রধান বিচারপতি এই সুপারিশকে মতামত হিসেবে দেওয়ার পরে ওই সিদ্ধান্তকে অনুমোদন না করার কোনো উপায় থাকবে না, যদি না সুপারিশ করা ব্যক্তি বা ব্যক্তিরা রাষ্ট্রবিরোধী বা সমাজবিরোধী কোনো কার্যকলাপে জড়িত থাকেন।
এই মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে ড. কামাল হোসেন, রোকনউদ্দিন মাহমুদ, শফিক আহমেদ এবং এ এফ হাসান আরিফ মতামত দেন।