যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে রাজা দেবাশীষ রায়ের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকমা রাজা ও পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সদস্য দেবাশীষ রায় ভূমি কমিশনের চেয়ারম্যান পদে একজন নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। দেবাশীষ রায় বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে পার্বত্য ভূমি কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না বলে উল্লেখ করে গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানান। একই সঙ্গে তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সুপারিশের ভিত্তিতে ভূমি কমিশন আইন দ্রুত সংস্কারের অনুরোধ জানান। একজন যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলে কমিশনের কাজে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।গতকাল ও গত মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তির আগে বা একই সঙ্গে জরিপ পরিচালনার সুপারিশের সংবাদ গণমাধ্যমে প্রচার করা হয়। একই সঙ্গে তিনি কমিশনের সদস্যদের বিরোধ নিষ্পত্তির কার্যক্রমে অসহযোগিতার অভিযোগ করেন।ভূমি কমিশন চেয়ারম্যানের সুপারিশের সঙ্গে দ্বিমত পোষণ করে দেবাশীষ রায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১ অনুযায়ী পার্বত্য ভূমি কমিশনের জরিপ করার কোনো এখতিয়ার নেই। আইন অনুযায়ী কমিশনের কাজ হলো দেওয়ানি আদালতের মতো ক্ষমতা নিয়ে বিরোধ নিষ্পত্তি করা। বিচারের সময় কোনো ভূমির পরিমাণ নির্ধারণের প্রয়োজন হলে স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় জরিপ হতে পারে। তাও ভূমি মন্ত্রণালয়ের অধীন আনুষ্ঠানিক বা দালিলিক জরিপ নয়।ভূমি কমিশনের সভায় ক্রমাগত অনুপস্থিতির বিষয়ে চেয়ারম্যানের অভিযোগ অস্বীকার করে রাজা দেবাশীষ রায় বলেন, যেসব সভা পদ্ধতিগতভাবে আহ্বান ও আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয়েছে তার সব সভায় তিনি যোগ দিয়েছেন। কিন্তু কমিশনের সদস্য নন, এমন ব্যক্তিদেরও সভায় উপস্থিত থাকার আহ্বানসংবলিত সভাগুলোতে অংশগ্রহণ যথার্থ ছিল না। তাই তিনি উপস্থিত থাকেননি বলে স্বীকার করেন।