যোগ্য হলে জেলে থেকে নির্বাচিত হওয়া যায়: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী রকিব উদ্দীন আহমেদ। ফাইল ছবি
কাজী রকিব উদ্দীন আহমেদ। ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, কেউ জামিন না নিয়ে পালিয়ে থেকে নির্বাচন করলে সেখানে পুলিশি তৎপরতার বিষয়ে কমিশনের কিছু করার নেই। যোগ্য প্রার্থী হলে জেলে থেকে নির্বাচিত হওয়া যায়, সেই নজির এ দেশে আছে।
আজ বুধবার নির্বাচন কমিশনে (ইসি) বিএনপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সিইসি এ কথা বলেন।
তার আগে বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আ স ম হান্নান শাহর নেতৃত্বে বিএনপির সাত সদস্যের প্রতিনিধি দল সিইসি সঙ্গে সাক্ষাৎ করে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানায়।
আ স ম হান্নান শাহ বলেন, প্রার্থীরা যদি ভোটারের কাছে যেতে না পারে, ভোটার যদি ভোটকেন্দ্রে আসতে না পারে, তবে ভোট করে লাভ কী? সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সবার জন্য সমান সুযোগ তৈরি করা দরকার। বিএনপির প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারে এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সে জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে। সিইসি বলেছেন, ইসির আইনশৃঙ্খলা বৈঠকে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা বলেছি, গাজীপুরে যেমন নির্বাচন হয়েছে, সে রকম নির্বাচন হলেই হবে। সিইসি আমাদের আশ্বাস দিয়েছেন।
হান্নান শাহ আরও বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে সিইসির দৃষ্টি আকর্ষণ করেছি। বিএনপির নয়াপল্টনের অফিসে তালা দেওয়া। ম্যাডামের অফিসে তালা। এ দুটি অফিসের তালা খুলে দেওয়ার জন্য ইসি যেন সরকারকে অনুরোধ করে। ভোটগ্রহণ কর্মকর্তাদের নামের তালিকা আগেই প্রকাশ করার অনুরোধ জানানো হয়েছে। যাতে বিতর্কিত কেউ নিয়োগ পেলে তাঁদের ব্যাপারে আপত্তি জানানো যায়।
হান্নান শাহ দাবি করেন, ঢাকা উত্তরে করণিক ত্রুটির কারণে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাঁরা বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য সিইসিকে অনুরোধ করেছেন।
এরপর সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার বলেন, দলীয় অফিসে তালা দেওয়ার মৌলিক অধিকারের পরিপন্থী। অজ্ঞাতনামা দুই হাজার ব্যক্তির নামে মামলা আছে। এখন অজ্ঞাতনামাদের ধরার নামে যাতে বিএনপির নেতা-কর্মীদের ধরা না হয়। যে লোক জামিনে আছে তাকে যেন ধরা না হয়। আদালত কর্তৃক অভিযোগ গঠনের আগ পর্যন্ত কাউকে আটক করা যায় না।
সিইসির বক্তব্যে আপনারা সন্তুষ্ট কি না, জানতে চাইলে জমির উদ্দিন বলেন, আমরা সন্তুষ্ট কি অসন্তুষ্ট, সেটা নির্ভর করছে ইসির কাজের ওপর। 

প্রতিনিধি দলে আরও ছিলের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, আবদুল হালিম, সৈয়দ সুজা উদ্দিন ও আবদুর রশীদ সরকার।
পরে সিইসি কাজী রকিব উদ্দিন বলেন, বিএনপি নেতারা বলেছেন, তাঁদের প্রার্থীরা জামিন নেবেন। তাঁদের যাতে গ্রেপ্তার না করা হয়। জামিনে থাকলে এক হিসাব। জামিনে না থাকলে অন্য হিসাব।
আবদুল আউয়ালের মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে সিইসি বলেন, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের বিষয়টি আদালতের মতো। এ বিষয়ে আমার বলার এখতিয়ার নেই। আমি বলেছি, আইনের মধ্যে থেকে নির্বাচন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ১৯ এপ্রিলের সভায় সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ভোটগ্রহণ কর্মকর্তাদের কারও বিরুদ্ধে কেউ আপত্তি জানালে সে বিষয়ে কমিশন ব্যবস্থা নেবে।