যোগ্যতা অনুযায়ী চিকিৎসকদের ফি নির্ধারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন (পিজিডিএ) দেশে কর্তব্যরত চিকিৎসকদের যোগ্যতা অনুযায়ী ফি নির্ধারণের দাবি জানিয়েছে। সংগঠনের নেতারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) চিকিৎসকদের ফি নির্ধারণ করে না দেওয়ায় যে যার মতো রোগীদের কাছ থেকে ফি আদায় করছেন। গত সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ক্যাফেটোরিয়ায় অনুষ্ঠিত পিজিডি আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় বক্তারা এ দাবি জানান। অধ্যাপক সোহ্রাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চিকিৎসক তারিক মেহেদী, রেজাউল করিম, মাহতাব উদ্দিন আহম্মেদ, সৈয়দ আতিকুর রহমান ও রাকিবুল ইসলাম বক্তব্য দেন। বক্তারা বলেন, জনসাধারণের বোধগম্য নয় এমন কিছু দেশি-বিদেশি ডিগ্রি, যেমন—এফআরএসএইচ (লন্ডন), পিজিটি, এমডি (রাশিয়া), এমএস (ইনকোর্স) ইত্যাদি বিশেষণ নামের সঙ্গে লিখে নিজেদের বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে অনেকে রোগীদের বিভ্রান্ত ও প্রতারিত করছেন।বক্তারা বলেন, চিকিৎসকের ফি হওয়া উচিত মেধা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। কিন্তু সেটি না করে এসব ডিগ্রি লাগিয়েই অতিরিক্ত ফি ও অপারেশন চার্জ আদায় করা হচ্ছে, যা বিএমডিসির নিয়মনীতি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এমনও ঘটনা ঘটছে, একজন মেডিকেল অফিসার নিজেকে কনসালট্যান্ট পরিচয় দিয়ে ৫০০ টাকা এবং ডিপ্লোমাধারী চিকিৎসক ৮০০ টাকা পরিদর্শন ফি নিচ্ছেন। অথচ একজন অধ্যাপক ৪০০-৫০০ টাকা ফি নেন। বিজ্ঞপ্তি।