প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা, মেধা, দক্ষতা ও জ্যেষ্ঠতার নীতিমালা কঠোরভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে আর্মি হেড কোয়ার্টার্স সিলেকশন বোর্ড-২০১০ উদ্বোধনের সময় তিনি এ নির্দেশ দেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, আগামী দিনে যাঁরা সশস্ত্রবাহিনীর নেতৃত্ব দেবেন তাঁদের পদোন্নতির ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, পেশাগত দক্ষতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সততা ও বিশ্বস্ততার মতো গুণাবলিগুলো বিবেচনায় আসা উচিত।’ শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের সময় সীমিতসংখ্যক কর্মকর্তা ও সৈনিক নিয়ে আমাদের সেনাবাহিনীর যাত্রা শুরু হয়েছিল। এখন তা যথেষ্ট অভিজ্ঞ, সুসংগঠিত। প্রধানমন্ত্রী সেনাবাহিনীতে নারী কর্মকর্তা নিয়োগ প্রসঙ্গে বলেন, তাঁর উদ্যোগেই সশস্ত্রবাহিনীতে সর্বপ্রথম নারী কর্মকর্তা নিয়োগের ব্যবস্থা করা হয়। তিনি বলেন, তাঁর সরকারের সময়ই সেনাসদস্যদের কল্যাণে ট্রাস্ট ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত হয়। স্বাস্থ্যবিমাসহ আরও কিছু কল্যাণমুখী পদক্ষেপও নেওয়া হয়। এবার দায়িত্ব গ্রহণের পর সশস্ত্রবাহিনীর জন্য নেওয়া বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে শেখ হাসিনা বলেন, সরকার ইতিমধ্যে নৌ ও বিমানবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর রেশনের সমন্বয় করেছে। সৈনিকদের জন্য আমিষজাতীয় খাদ্যসামগ্রীর মাথাপিছু বরাদ্দের পরিমাণ বাড়িয়েছে। বেতন কাঠামো বাস্তবায়ন এবং আবাসিক সমস্যা সমাধানে বহুতল ভবন নির্মাণসহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে।শেখ হাসিনা বলেন, জাতিসংঘ মিশনে বাংলাদেশের সম্পৃক্ততা আরও সুদৃঢ় করতে সেনাবাহিনীর পদবিগুলো আন্তর্জাতিকমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস ও সেনাবাহিনীর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভালোবাসার কথা নতুন প্রজন্মের সেনাসদস্যদের সামনে তুলে ধরতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রতিরক্ষাসচিব, সেনাবাহিনী প্রধান এবং লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেলরা উপস্থিত ছিলেন।