রংপুরে সিটি করপোরেশনের দাবিতে করা আন্দোলন হয়ে উঠেছে মেয়র পদপ্রার্থীর আগাম নির্বাচনী প্রচারণা। জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা তুলে ধরতে এই প্রচেষ্টা বলে রাজনৈতিক ও সুধীমহলে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। আন্দোলনকারীরা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। রংপুরে রাজনৈতিক তৎপরতা অনেকটা ঝিমিয়ে পড়েছে। সরকারি দল আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে স্থবিরতা। আর সিটি করপোরেশন ঘোষণার দাবি জানিয়ে যাঁরা মাঠে নেমেছেন তাঁরা সবাই মেয়র পদে প্রার্থী হওয়ার স্বপ্ন দেখেন। আওয়ামী লীগের সাবেক সাংসদ শরফুদ্দিন আহমেদের নেতৃত্বে সিটি করপোরেশন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এই সংগঠনটির ব্যানারে এরই মধ্যে সভা-সমাবেশ, মানববন্ধন, প্রতীক অনশন, স্তব্ধ ও লংমার্চ কর্মসূচি পালন করা হয়। এর সঙ্গে যুক্ত হয়েছেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানও।সংগঠনের আহ্বায়ক শরফুদ্দিন আহমেদ বলেন, পাঁচ বছর মেয়াদের পৌর পরিষদের কার্যক্রম আট বছর পেরিয়ে গেছে। এর ফলে সেখানে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চলছে বলে তিনি অভিযোগ করেন। এটি আর বেশিদিন চলতে দেওয়া যায় না। অবিলম্বে সিটি করপোরেশন ঘোষণা করে নির্বাচনের দাবি জানান তিনি। আগাম ভোটের জন্য এমন প্রচারাভিযান বলে তিনি জানালেন। আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান রংপুর উন্নয়ন পরিষদের ব্যানারে এই একটি দাবিতে একাধিকবার শহরের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ করেন। তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সঞ্চারকলিপি পেশ করে জনগণের দৃষ্টি কাড়তে এসব কর্মসূচি পালন করেছেন। তিনিও মেয়র পদে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। একই দাবিতে জাতীয় পার্টি হরতাল করেছে। তবে এই দলের চারজন নেতা মেয়র পদে প্রার্থী হওয়ার স্বপ্ন দেখেন। আর এ কারণে হরতালের আগে ও পরে বিভিন্ন কর্মসূচিতে চার নেতাই সক্রিয় ছিলেন। এর মধ্যে রয়েছেন জাতীয় পার্টির সাবেক সাংসদ মশিউর রহমান। তিনি বলেন, সিটি করপোরেশনের দাবিকে সামনে রেখে এরই মধ্যে গ্রাম-শহরে প্রতিদিনই চলছে মতবিনিময়। বর্তমান পৌর মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, ‘আজ হোক কাল হোক সিটি করপোরেশন হবে। মানুষের আবেগকে কাজে লাগিয়ে অনেকেই মাঠে নেমেছেন। সেখানে আমিও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে কাজ করছি।’ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমানও বসে নেই। এই দলের আরেক নেতা সালাউদ্দিন কাদেরীকে সিটি করপোরেশনের আন্দোলনে মাঠপর্যায়ে দেখা যায়। পৌরসভার নির্বাচনের আট বছর হয়েছে। রংপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টি নিয়ে ২০৩ বর্গকিলোমিটার আয়তন নির্ধারণ করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এসব এলাকার হাটবাজার পৌরসভার আওতাধীনে ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত বছর ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুলমাঠের এক জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন, রংপুরকে সিটি করপোরেশন ঘোষণা করা হবে।