প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেছেন, স্বচ্ছ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কারণ, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর। গতকাল শুক্রবার মীনা দিবসের আলোচনায় মন্ত্রী এ কথা বলেন। কয়েক শ শিশু-শিক্ষার্থীর অংশগ্রহণে আলোচনা, পাপেট শো, মাপেট শোসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল দিনটি পালন করা হয়। ইউনিসেফের সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এসব কর্মসূচির আয়োজন করে। এবার দিনটির মূল প্রতিপাদ্য ছিল ‘স্কুলে যাওয়াই শিশুর কাজ, কেউ রবে না বাইরে আজ’।অনুষ্ঠানে আফছারুল আমীন বলেন, সরকার প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ শিশুবান্ধব ও আনন্দময় করতে চায়। মেধার ভিত্তিতে এবার যেসব শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা এ কাজটি করতে পারবেন বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশের পর কয়েকজন সাংসদ তাঁদের সুপারিশে শিক্ষক নিয়োগ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন বলেন, বর্তমানে ৯৭ শতাংশ শিশু বিদ্যালয়ে যাচ্ছে। তবে শিক্ষার গুণগত মান এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছাতে পারেনি। সরকার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ লক্ষ্যে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা চালু করা হয়েছে। তিনি মীনা চরিত্রের আদর্শ, উদ্দেশ্য সব শিশুর মাঝে ছড়িয়ে দিতে সব ধরনের গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান নবেন্দ্র দাহাল ‘প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ওপর শারীরিক ও মানসিক সব ধরনের শাস্তিকে না বলুন’ স্লোগান ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, আবুল হায়াত প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান। শুভেচ্ছা বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবদুর রউফ চৌধুরী। মাপেট ও পাপেট শো: আলোচনার মাঝখানে হঠাৎ মঞ্চে আসে সবার প্রিয় ‘মীনা’। সঙ্গে ছোট ভাই রাজু ও তাদের টিয়া পাখি মিঠু। এসেই হাত মেলায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে। সবার উদ্দেশে হাত নাড়তেই শত শত শিশু হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানায়। এরপর শিশুদের মধ্যে শুরু হয় মীনার সঙ্গে ছবি তোলা, কাছ থেকে মীনাকে দেখার প্রতিযোগিতা। মীনাও বেশ আদরের সঙ্গে কাছে টেনে নেয় শিশুদের। মীনাকে কাছে পেয়ে শিশুরা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে।