বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে, সরকার আবু সালেহ শেখ মো. জহিরুল হককে তাঁর মেধা, সততা, যোগ্যতা ও দক্ষতা বিবেচনায় আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব দিয়েছে। এটা পদোন্নতি বা পদায়ন নয়। গতকাল মঙ্গলবার ঢাকা জেলা জজ আদালতের সোহেল-জগন্নাথ স্মৃতি মিলনায়তনে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ঢাকায় কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সভায় এ কথা বলা হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল মজিদ। সভায় বলা হয়, ২৫ ও ২৬ জুন প্রথম আলোয় আইন ও বিচার বিভাগের সচিব পদে আবু সালেহ শেখ মো. জহিরুল হককে দায়িত্ব দেওয়ার বিষয়ে প্রকাশিত সংবাদ ও উপসম্পাদকীয়তে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। প্রতিবেদনে ব্যক্তিগতভাবে আক্রমণ করে সংবাদ প্রকাশিত হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালা ও শিষ্টাচারবহির্ভূত। সভায় বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৬২১৯/২০০৯ এবং ১১৬৮৫/২০০৬ রিট মামলায় প্রদত্ত রায়ের বাধ্যবাধকতার কারণে আইন ও বিচার বিভাগের সচিব পদে জেলা জজ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তা ছাড়া অন্য কাউকে দায়িত্ব দেওয়ার অবকাশ নেই। হাইকোর্ট বিভাগ ১১৬৮৫/২০০৬ নম্বর রিট মামলায় জেলা জজদের সচিব পদমর্যাদার ওপরে স্থান দিয়েছে এবং বর্তমানে বর্ণিত মামলার রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল চলমান রয়েছে।বিজ্ঞপ্তি। প্রতিবেদক ও কলাম লেখকের বক্তব্য: প্রতিবেদন ও উপসম্পাদকীয় বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে করা হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের দাবি অনুযায়ী কোনো ‘ভুল তথ্য’ পরিবেশন করা হয়নি।