যোগ্যতায় এগিয়ে পদোন্নতিতে পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয়ে তুলনামূলকভাবে যোগ্য এক শিক্ষককে রেখে অন্য এক শিক্ষককে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের একজন রিজিয়া খাতুন এবং অন্যজন হাবিবা খাতুন। রিজিয়া খাতুন তৃতীয় বিভাগ নিয়ে এসএসসি, এইচএসসি ও বিএ পাস করেছেন। ধারণা করা হচ্ছে, তিনি হতে যাচ্ছেন পরবর্তী সহকারী প্রধান শিক্ষক। আর এসএসসি ছাড়া বাকি সব কটি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ পেয়েও ওই পদের জন্য পরীক্ষা দিতে পারেননি হাবিবা খাতুন।রিজিয়া খাতুন ও হাবিবা খাতুন দুজনই বিদ্যালয়টির জ্যেষ্ঠ শিক্ষক। সম্প্রতি ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের শূন্যপদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরপর মোট চারজন আবেদন করেন। এর মধ্যে দুজন কৌশলে রিজিয়া খাতুনের সমর্থনে আবেদন করেন। বাকি একজন ছিলেন হাবিবা খাতুন। কিন্তু তাঁকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। গত শনিবার বিদ্যালয়টিতে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁদের প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। রিজিয়া খাতুন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ শফিকুল আজম খানের আত্মীয় হওয়ায় তাঁকে ওই পদে নিয়োগ দেওয়ার জন্য ওই চক্রান্ত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, নিয়োগ পরীক্ষায় কমপক্ষে তিনজন হাজির না হলে সে নিয়োগ বৈধ হবে না ভেবে প্রধান শিক্ষক নিজেদের পছন্দের আরও দুজনকে দিয়ে আবেদন করান।জানা গেছে, গত শনিবার নিয়োগ পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করা হয়। প্রধান শিক্ষক রেজাউল করিম সকাল থেকেই হাবিবা খাতুনকে পরীক্ষায় অংশ নিতে নিষেধ করেন বলে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক অভিযোগ করেছেন।মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, ‘শহরে একটা গুঞ্জন আছে, রিজিয়া খাতুনই হবেন সহকারী প্রধান শিক্ষক। কারণ তিনি স্থানীয় সাংসদের চাচি। তবে যোগ্যতাসম্পন্নকে বাদ রেখে কম যোগ্যতাসম্পন্নকে নিয়োগ দেওয়াটা ঠিক নয়।’এ ব্যাপারে রিজিয়া খাতুনের সঙ্গে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি কোনো কথা বলতে চাননি। মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে হাবিবা খাতুনকে বাধা দেওয়ার অভিযোগ ঠিক নয়। তবে তিনি স্বীকার করেন, রিজিয়া খাতুন সব পরীক্ষায় তৃতীয় বিভাগ পেয়েছেন। আর হাবিবা খাতুন এসএসসি ছাড়া সব কটিতেই দ্বিতীয় বিভাগ পেয়েছেন। প্রধান শিক্ষক বলেন, ‘যোগ্যতায় বেশি হলেও হাবিবা খাতুন পরীক্ষায় অংশ নেননি। এ ক্ষেত্রে আমার কী করার আছে!’