যোদ্ধার জীবন লাশ টেনে পার
উইপোকায় খাচ্ছে পাটখড়ির বেড়া। এদিক-ওদিক ভাঙা। হু হু করে ঢুকছে হিমেল হাওয়া। নড়বড়ে হয়ে গেছে দোচালা ঘরের খুঁটিগুলো।এমনি একটি ঘরেই ধুঁকে ধুঁকে জীবন কাটছে মুক্তিযোদ্ধা জাফর মোল্লার (৭০)। অথচ এই মানুষটিই কিনা একদিন হানাদার বাহিনীকে পরাস্ত করেছেন। আমাদের দিয়েছেন স্বাধীন একটি দেশ, একটি পতাকা। নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালী গ্রামে তাঁর বাড়ি।জাফর মোল্লা জানান, দেশ স্বাধীনের পর তিনি লাশ টেনে জীবিকা নির্বাহ করতেন। লাশ টানতে টানতেই জীবনটা পার করেছেন। সেই ১৯৮০ সাল থেকে নাটোর জেলা সদরের হাসপাতাল মর্গে লাশ টানার কাজ শুরু করেন। এখন বয়স হয়েছে। বছর পাঁচেক ধরে ওই পেশায় আর নেই। ফলে রোজগারের পথটিও বন্ধ। এখন সরকারি ভাতার দুই হাজার টাকাই তাঁর একমাত্র সম্বল। অনাহার-অর্ধাহার আর দুশ্চিন্তায় মানুষটি এখন রোগ-শোকে জর্জরিত। সংসারে তাঁর চার ছেলে ও স্ত্রী রয়েছেন। বড় তিন ছেলে বিয়ে করে অনেক আগেই পৃথক হয়ে গেছে। বাড়ি করার মতো জায়গা ছিল না এই মুক্তিযোদ্ধার।তাঁর দৈন্যদশা দেখে পাঁচ শতাংশ খাস জমি দেয় সরকার। সেখানেই কোনো রকমে ছাপরা তুলে বাস করছেন। একটি চৌকি পর্যন্ত কিনতে পারেননি। বাঁশের মাচা করে তার ওপরই ঘুমান। মাথার ওপরের পুরোনো পাতলা টিনের চালাটিও শতছিদ্র। একটুখানি বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে। ছোট ছেলেটিকে এইচএসসি পাস করাতে পারলেও টাকার অভাবে তার উচ্চশিক্ষার ব্যবস্থা হচ্ছে না।তাঁর যুদ্ধকালীন কমান্ডার আইনজীবী তোফাজ্জল হোসেন জানান, জাফর মোল্লা পলাশডাঙ্গা যুব শিবির থেকে ৭ নম্বর সেক্টরের আওতায় মুক্তিযোদ্ধা লতিফ মির্জার অধীনে যুদ্ধে অংশ নেন। ১৯৭১ সালে তিনি সিরাজগঞ্জের তাড়াশ, পাবনার চাটমোহর ও উপজেলার জোনাইলের সমঞ্চুখযুদ্ধে অংশ নেন। নওগাঁ-হান্ডিয়ালসহ বিভিন্ন স্থানে তিনি যুদ্ধ করেছেন। নওগাঁর যুদ্ধে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখেন।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন বলেন, ‘একজন মুক্তিযোদ্ধার এহেন মানবেতর জীবনযাপন জাতির জন্য দুঃখজনক। গুরুদাসপুর উপজেলায় সরকারিভাবে পাকা বাড়ি বরাদ্দ এলে, তাঁর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজেদা ইয়াসমীন বলেন, ‘মুক্তিযোদ্ধা জাফরের অসহায়ত্বের কথা শুনেছি। পুনর্বাসনের জন্য সরকারি বরাদ্দ পেলে তাঁর বিষয়টি আন্তরিকভাবে দেখা হবে।’