যোধপুর পার্ক উৎসবে বাংলাদেশ দিবস উদ্যাপিত

দক্ষিণ কলকাতার একটি ঐতিহ্যবাহী উৎসব ‘যোধপুর পার্ক উৎসব’। এই উৎসবে গতকাল সোমবার উদ্যাপিত হয়েছে বাংলাদেশ দিবস।
৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই উৎসব। শেষ হবে ১৪ জানুয়ারি। বাংলাদেশ দিবসকে কেন্দ্র করে গতকাল এ উৎসব রূপ নিয়েছিল এক টুকরো বাংলাদেশে। এ দিন বাংলাদেশের শিল্পীরা গান গেয়েছেন, মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শিত হয়েছে এবং বাংলাদেশের বিশিষ্টজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল সন্ধ্যার অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পী ও নজরুল গবেষক নাশিদ কামাল, শিল্পী আঁখি আলমগীর ও ব্যান্ড দল এলআরবির আইয়ুব বাচ্চুকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের সংবর্ধনা দেন পশ্চিমবঙ্গের নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ও কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান। এর আগে কুষ্টিয়ার ভাগীরথ বাউল লালনগীতি পরিবেশন করেন।
বাংলাদেশের শিল্পীদের সংবর্ধনা দিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘বাংলাদেশ আমাদের হৃদয়ে, মনের মণিকোঠায় চির জাগরূক। এই সম্পর্ক চিরদিনের।’
যোধপুর পার্ক উৎসবে গত রোববার যোগ দেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। দুই দেশের সীমান্ত সমস্যা মেটাতে ভূমিকা রাখায় উৎসব কমিটি তাঁকে ‘অনন্য কৃতিত্ব সম্মান’ পদক দিয়েছে।