যৌক্তিক কারণ ছাড়াই ক্যানসার চিকিৎসার ব্যয় বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসার চিকিৎসার ব্যয় গত কয়েক বছরে পাঁচ থেকে ছয় গুণ পর্যন্ত বেড়েছে। অস্ত্রোপচারে চিকিৎসকেরা বেশি টাকা নিচ্ছেন। দেশীয় প্রতিষ্ঠানগুলো বেশ কিছু ওষুধ উৎপাদন করলেও দাম কমাচ্ছে না।

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে বাংলাদেশে ক্যানসার নিয়ে কাজ করছে এমন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মোর্চা। মোর্চাগুলোর সদস্য সংগঠনগুলো হলো সেন্টার ফর ক্যানসার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিসিপিআর), ইএইচআরডি, অপরাজিতা ও বাংলাদেশ কমিউনিটি অনকোলজি নেটওয়ার্ক।
আগামীকাল ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মোর্চার পক্ষ থেকে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শিক্ষক ও সিসিপিআরের উপদেষ্টা হাবিবুল্লাহ তালুকদার ১১ দফা দাবি উত্থাপন করেন। হাবিবুল্লাহ তালুকদার বলেন, কয়েক বছর আগেও স্তন ক্যানসারসহ বড় অস্ত্রোপচার দরিদ্র রোগীরা ১৫ হাজার টাকায় করাতে পারতেন। কোনো যৌক্তিক কারণ ছাড়া এখন ব্যয় হচ্ছে এক লাখ টাকা। কোনো কোনো ক্ষেত্রে দুই থেকে আড়াই লাখ টাকাও খরচ হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কেমোথেরাপির জন্য প্রয়োজনীয় ওষুধ বেশির ভাগ ক্ষেত্রে বিদেশ থেকে আমদানি হয়। দুই/তিনটি প্রতিষ্ঠান ওষুধ তৈরি করলেও দাম সে তুলনায় কমেনি। গুণগত মান বজায় রেখে অল্প দামে রোগীদের ওষুধ সরবরাহের দাবি জানানো হয়।

এ ছাড়া ক্যানসার রোগীদের দোরগোড়ায় চিকিৎসা সুবিধা পৌঁছে দিতে পাঁচটি বিভাগীয় শহরে ক্যানসার সেন্টার প্রতিষ্ঠা ও সবকটি মেডিকেল কলেজে ক্যানসার ইউনিট চালু ও চিকিৎসকদের পদায়নের দাবি জানানো হয়। তাঁরা জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করে এর ৮০ ভাগ শয্যায় বিনা মূল্যে চিকিৎসা চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের চিকিৎসক হাসানুজ্জামান, অপরাজিতার নির্বাহী পরিচালক নিলুফার তাসনিম, ইএইচআরডির নির্বাহী পরিচালক রোকেয়া রুমি প্রমুখ।