বিশেষজ্ঞরা বলছেন, ক্যানসার চিকিৎসার ব্যয় গত কয়েক বছরে পাঁচ থেকে ছয় গুণ পর্যন্ত বেড়েছে। অস্ত্রোপচারে চিকিৎসকেরা বেশি টাকা নিচ্ছেন। দেশি প্রতিষ্ঠানগুলো বেশ কিছু ওষুধ উৎপাদন করলেও দাম কমাচ্ছে না।
গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা এ কথা বলেন। ক্যানসার নিয়ে কাজ করে স্বেচ্ছাসেবী এমন চারটি সংগঠন—সেন্টার ফর ক্যানসার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিসিপিআর), ইএইচআরডি, অপরাজিতা ও বাংলাদেশ কমিউনিটি অনকোলজি নেটওয়ার্ক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আজ ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শিক্ষক ও সিসিপিআরের উপদেষ্টা হাবিবুল্লাহ তালুকদার ১১ দফা দাবি উত্থাপন করেন। তিনি বলেন, কয়েক বছর আগেও দরিদ্র রোগীরা বড় অস্ত্রোপচার ১৫ হাজার টাকায় করাতে পারতেন। কোনো যৌক্তিক কারণ ছাড়া শুধু অস্ত্রোপচারে এখন ব্যয় হচ্ছে এক লাখ টাকা। কিছু ক্ষেত্রে দুই থেকে আড়াই লাখ টাকাও নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কেমোথেরাপির জন্য প্রয়োজনীয় ওষুধ বেশির ভাগ ক্ষেত্রে বিদেশ থেকে আমদানি করা হয়। দু-তিনটি প্রতিষ্ঠান ওষুধ তৈরি করলেও দাম সে তুলনায় কমেনি। গুণগত মান বজায় রেখে অল্প দামে রোগীদের ওষুধ সরবরাহের দাবি জানান আয়োজকেরা।
এ ছাড়া ক্যানসার রোগীদের দোরগোড়ায় চিকিৎসাসুবিধা পৌঁছে দিতে বিভাগীয় শহরে ক্যানসার সেন্টার প্রতিষ্ঠা এবং সব কটি মেডিকেল কলেজে ক্যানসার ইউনিট চালু ও চিকিৎসকদের পদায়নের দাবি জানান হাবিবুল্লাহ তালুকদার। জাতীয় ক্যানসার ইনস্টিটিউটকে ৫০০ শয্যায় উন্নীত করে এর ৮০ ভাগ শয্যা বিনা মূল্যে চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের চিকিৎসক হাসানুজ্জামান, অপরাজিতার নির্বাহী পরিচালক নিলুফার তাসনিম, ইএইচআরডির নির্বাহী পরিচালক রোকেয়া রুমি প্রমুখ।