পুঁজিবাজারে কারসাজির ঘটনায় তদন্ত প্রতিবেদন যৌক্তিক সময়ে প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই প্রতিবেদনে চিহ্নিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, এ মর্মে কারণ দর্শাতে রুল জারি করা হয়েছে।গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন। এ ছাড়া ওই প্রতিবেদন প্রকাশে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। ওই ঘটনায় জড়িত দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আদায় করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।গত সোমবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে পাঁচ আইনজীবী রিট আবেদনটি করেন। রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম রায়। একটি কোম্পানির পক্ষে ছিলেন আইনজীবী কাজী আকতার হামিদ। আদালত থেকে বেরিয়ে আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, আদালতের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে রিপোর্ট প্রকাশ করা সমীচীন। এ ক্ষেত্রে যৌক্তিক সময় দুই দিনের বেশি হতে পারে না। ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম রায় প্রথম আলোকে বলেন, যে প্রতিবেদনের কথা বলা হচ্ছে, এটা প্রাথমিক তদন্ত প্রতিবেদন। তাই পরবর্তী তদন্ত শেষে যে প্রতিবেদনটি আসবে, সেটা দাখিল না করা পর্যন্ত সময়কাল যৌক্তিক সময়ের মধ্যে পড়বে। একটি কোম্পানির পক্ষে আদালতের অনুমতি নিয়ে আইনজীবী কাজী আকতার হামিদ বলেন, ওই রিপোর্টে চিহ্নিত সব ব্যক্তি বা প্রতিষ্ঠানই জড়িত নয়। তাই ওই রিপোর্ট সংশোধনের জন্য তথ্য-প্রমাণসহ আবেদন করা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিবেদন বা চিহ্নিত কোনো ব্যক্তি বা কোম্পানির নাম প্রকাশ করা হলে, তারা ক্ষতিগ্রস্ত হবে।ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম রায় বলেন, কখন রিপোর্ট প্রকাশ করা হবে, সে বিষয়ে সরকারের স্বাধীনতা রয়েছে।প্রসঙ্গত, পুঁজিবাজারের কারসাজির ঘটনায় পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ও চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ১২ এপ্রিল সরকারকে একটি লিগ্যাল নোটিশ পাঠায় সংগঠনটি। এই দাবি পূরণ না হওয়ায় সংগঠনটির পক্ষে সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী রিট করেন।