চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলোয়ারা ইউছুফের বিরুদ্ধে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে পুত্রবধূ চিকিৎসক মাহিনুর আক্তারকে দিনের পর দিন মারধর করার অভিযোগে একটি মামলাও হয়েছে।মামলায় দিলোয়ারা ইউছুফ ছাড়াও মাহিনুরের স্বামী চিকিৎসক কে এম রাসেল ও শ্বশুর ইউছুফ সিকদারকে আসামি করা হয়। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ ৭ এপ্রিল এই মামলাটি করেন মাহিনুর। মামলা গ্রহণ করে আদালত মুখ্য মহানগর হাকিমকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৩০ জুন। মাহিনুরের পরিবারের কাছ থেকে জানা গেছে, ২০০৯ সালের ১৬ অক্টোবর মাহিনুর ও রাসেলের বিয়ে হয়। তাঁদের দুই বছরের একটি পুত্রসন্তান রয়েছে। মাহিনুরের অভিযোগ, বিয়ের এক বছর পর থেকে রাসেল ক্লিনিক দেওয়ার কথা বলে ২০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। এ জন্য তাঁকে নির্যাতন করা হয়। অভিযোগ প্রসঙ্গে দিলোয়ারা ইউছুফ বলেন, ‘ছেলে-ছেলের বউ ঝগড়া করে আমাকেসহ মামলার আসামি করেছিল। মামলা সাজানোর জন্য এজাহারে আমিও মেরেছি এ রকম বলা হয়েছে। অথচ আমি মারিনি। চান্দগাঁও আবাসিক এলাকার সমিতি বিষয়টি মীমাংসা করে দিয়েছে। ছেলের বউ এখন তাদের বাসায়। আমাদের এখানে এসে আবার সংসার করবে।’ মামলার এজাহারে উল্লেখ করা হয়, সর্বশেষ ৩ এপ্রিল সকালে চান্দগাঁও আবাসিক এলাকার বাড়িতে যৌতুকের দাবিতে মাহিনুরের ওপর তাঁর স্বামী রাসেল ও শাশুড়ি দিলোয়ারা নির্যাতন শুরু করেন। এরপর মাহিনুর ঘর থেকে বের হয়ে বাবার বাসায় চলে যান। সেখান থেকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হন। তাঁর চোখে-মুখে এখনো জখমের চিহ্ন রয়েছে। এর আগে মাহিনুরের পেটে লাথি মেরে একটি বাচ্চাও নষ্ট করে ফেলা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। দিলোয়ারা ইউছুফ ১৩ এপ্রিল উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোনীত হয়েছেন।