যৌতুক দাবি: গৃহবধূর চুল কেটে কেরোসিন ঢেলে হত্যার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের দাবি না মেটানোয় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিওসি কেছরিগুল গ্রামে স্বামী ও শ্বশুর মিলে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর চুল কেটে শরীরে কেরোসিন ঢেলে হত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর বাবার বাড়ি পাশের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রথটিলা গ্রামে।এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে যৌতুক ও নারী নির্যাতন আইনে গত বুধবার দুপুরে বড়লেখা থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহার ও গৃহবধূর স্বজনদের সূত্রে জানা গেছে, জুড়ীর রথটিলা গ্রামের মৃত মখদ্দছ আলীর মেয়ে জিমারা বেগমের (১৯) সঙ্গে বড়লেখার বিওসি কেছরিগুল গ্রামের রুস্তম খানের ছেলে জাকির আহমদের (২২) বিয়ে হয় গত বছরের ২৫ জুলাই। বিয়েতে জাকিরের পরিবারের পক্ষ থেকে যৌতুক হিসেবে কাঠের কিছু আসবাব ও নগদ ২০ হাজার টাকা দাবি করা হয়। জিমারার স্বজনেরা পরে তা দেবে বলে আশ্বাস দেয়। এরই মধ্যে জিমারা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ১০ জুন সকালে যৌতুকের জন্য স্বামী ও শ্বশুর দরজা বন্ধ করে জিমারাকে চড়-থাপ্পড় ও তলপেটে লাথি মারতে থাকেন। একপর্যায়ে তাঁরা জিমারার চুল কেটে দেন। পরে তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা চালানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার উপপরিদর্শক দিলীপ কান্ত নাথ গতকাল বৃহস্পতিবার জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযান চালিয়ে জাকির ও রুস্তমকে পাওয়া যায়নি।