যৌতুক দিতে না পারায় গৃহবধূ হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি শয্যায় অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন এক গৃহবধূ। তাঁর মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে রয়েছে নির্যাতনের চিহ্ন। যৌতুকের টাকা দিতে না পারায় স্বামী তাঁর ওপর এভাবে নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এই করুণ দৃশ্য দেখা গেছে।নির্যাতনের শিকার ওই গৃহবধূর নাম আঞ্জুয়ারা বেগম (২৫)। তিনি বদরগঞ্জ উপজেলার খাগড়াবন্দ নয়াপাড়া গ্রামের জয়পুদ্দিনের (৪২) স্ত্রী। তাঁর বাবার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর মণ্ডলপাড়া গ্রামে।চিকিৎসাধীন আঞ্জুয়ারা অভিযোগ করেন, এক যুগ আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর স্বামীকে তাঁর বাবা একটি বাইসাইকেল দেন। পরে স্বামী তাঁর বাবার কাছ থেকে আরও এক লাখ টাকা এনে দিতে বলেন। ওই টাকা এনে না দেওয়ায় স্বামী তাঁকে প্রায়ই মারধর করতেন। ১৮ জানুয়ারি সন্ধ্যায় ছোট্ট একটি ঘটনায় জয়পুদ্দিন ‘বাপের বাড়ি থাকি কয় টাকা আনছিস’—এ কথা বলেই জয়পুদ্দিন স্ত্রীকে লাঠি দিয়ে পেটাতে থাকেন।খাগড়াবন্দ নয়াপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, জয়পুদ্দিনের লাঠির আঘাতে মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হলে আঞ্জুয়ারা জ্ঞান হারিয়ে ফেলেন। একপর্যায়ে স্ত্রীকে ফেলে চলে যান জয়পুদ্দিন। জয়পুদ্দিন বলেন, ‘কথা কম-বেশি হওয়াতে আঞ্জুয়ারাকে লাঠি দিয়ে মেরেছি। তাতে মাথা ফেটে গেছে।’ বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার বলেন, ‘স্ত্রীকে নির্যাতনের ঘটনায় জয়পুদ্দিন জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’