যৌতুক দিয়েও স্বামীর বাড়িতে ঠাঁই হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত মুক্তিযোদ্ধা বাবার ভাতার টাকা স্বামীর হাতে যৌতুক হিসেবে তুলে দিয়েও স্বামীর বাড়িতে থাকতে পারছেন না শামছুন্নাহার। বুধবার তাঁকে মারধর ও শরীরে সিগারেটের ছ্যাঁকা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন স্বামী। এ ঘটনায় শামছুন্নাহার বুধবার রাতে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সূত্র জানায়, গত বছর ফুলপুর উপজেলার মোজাহারদি গ্রামের মুক্তিযোদ্ধা মৃত কছিম উদ্দিনের মেয়ে শামছুন্নাহারের (১৯) সঙ্গে পাশের সাধুপাড়া গ্রামের ফারুক মিয়ার (২২) বিয়ে হয়। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা এনে দিতে শামছুন্নাহারকে চাপ দেন ফারুক। পরে যৌতুকের জন্য ফারুক স্ত্রীকে মারধর শুরু করেন। নিরুপায় হয়ে বাবার মুক্তিযোদ্ধা ভাতার টাকা থেকে দুই হাজার টাকা এনে স্বামীর হাতে তুলে দেন শামছুন্নাহার। কিন্তু আরও টাকার জন্য তাঁকে প্রায়ই মারধর করতেন ফারুক। বুধবার তিনি স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। শামছুন্নাহার জানান, তাঁর স্বামী ফারুক মিয়া নেশা করে গভীর রাতে বাড়ি ফিরেন। বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য প্রায়ই মারধর করতেন। বুধবার মারধরের একপর্যায়ে সিগারেটের আগুন দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেন। শামছুন্নাহারের মা জমিলা খাতুন বলেন, ‘টাকা দেওয়ার জন্য ফারুক প্রায়ই আমার মেয়েকে মারধর করত। নিরুপায় হয়ে গত মাসে আমার মৃত স্বামী মুক্তিযোদ্ধা কছিম উদ্দিনের ভাতার টাকা উত্তোলন করে ফারুককে দুই হাজার টাকা দিই। কিন্তু এরপরও সে আরও টাকা এনে দেওয়ার জন্য চাপ দেয় এবং শামছুন্নাহারকে মারধর করে।’ শামছুন্নাহারের স্বামী ফারুক মিয়া বলেন, ‘আমাকে যে যৌতুকের টাকা দিয়েছিল সেগুলো ফিরিয়ে দিয়েছি।’ গালে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘হুড়াহুড়ির সময় তার গালে লেগে পুড়ে গেছে।’তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্রনাথ সরকার বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।