যৌতুক না দেওয়ায় চার বছর পর স্ত্রীকে অস্বীকার!
যৌতুকের টাকা না দেওয়ায় বিয়ের চার বছর পর স্বামী তাঁর স্ত্রীকে অস্বীকার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ধনঞ্জয় গ্রামে। ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধনঞ্জয় গ্রামের গ্রিস চন্দ্র রায়ের ছেলে গোপাল চন্দ্র রায়ের সঙ্গে পাশের ঢাকনাই গ্রামের এক তরুণীর ২০০৬ সালে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে হয়। বিয়ের অঙ্গীকারনামায় উভয়ে স্বাক্ষর করেন। ওই তরুণী বলেন, ‘২০০৬ সালের ২৯ আগস্ট লালমনিরহাট শহরের কালীবাড়ী মন্দিরে ধর্মীয় বিধানমতে গোপালের সঙ্গে আমার বিয়ে হয়। স্নাতক পাস করলে গোপাল আমাকে ঘরে তুলবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু চলতি বছর আমি স্নাতক পাস করার পর গোপাল আমাকে স্ত্রী হিসেবে ঘরে তুলতে তিন লাখ টাকা যৌতুক দাবি করে। গত ২৫ ফেব্রুয়ারি ওই তরুণী ধনঞ্জয় গ্রামে গোপালের বাড়িতে গিয়ে ওঠেন। এ সময় গোপাল তাঁকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন এবং বাড়ি থেকে চলে যান। কিন্তু সীতা ওই বাড়িতেই অবস্থান করতে থাকেন। গত রোববার তাঁকে বাড়ি থেকে বের করে দেন গোপালের লোকজন। বর্তমানে তরুণী ধনঞ্জয় গ্রামে তাঁর মামার বাড়িতে আছেন। এ ব্যাপারে তরুণী গত ২৫ ফেব্রুয়ারি মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দাখিল করেন। ইউপি সদস্য নূরুল ইসলাম তদন্ত করে এ ব্যাপারে একটি প্রতিবেদন দেন। প্রতিবেদনের আলোকে ইউপি চেয়ারম্যান আবদুস সোবাহান ২৮ ফেব্রুয়ারি লিখিতভাবে বাদীকে জানান, ‘প্রতীয়মান হয় যে বাদী ও বিবাদী স্বামী-স্ত্রী, ২০০৬ সালের ২৯ আগস্ট লালমনিরহাট শহরের কালীবাড়ী মন্দিরে তাঁদের বিয়ে হয়। বাদীর আবেদন, গণ্যমান্য ব্যক্তির মতামত, ইউপি সদস্যের তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রমাণিত হয় যে বিবাদী বাদীকে প্রতাড়িত করেছেন এবং স্ত্রী হিসেবে অস্বীকার করেন। প্রতিবেদনে ন্যায় বিচারের স্বার্থে বাদীকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে গোপাল তাঁর বাড়িতে অবৈধ অনুপ্রবেশ, ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাঁর বাড়িতে হামলা ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ওই তরুণীসহ আটজনকে আসামি করে ২ মার্চ লালমনিরহাট মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেছেন। এ ব্যাপারে গোপাল মুঠোফোনে বলেন, ‘এলাকার একটি কুচক্রী মহল তাঁর কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে মহলটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিয়ের ব্যাপারে তিনি বলেন, ‘সেটি একটি সাজানো বিয়ে ছিল।’তরুণীর ভগ্নিপতি জানান, তাঁরা গোপালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।