যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
যৌতুক না দেওয়ায় স্ত্রী পলি আক্তারকে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার দায়ে ফারুক সিকদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সালেহ উদ্দিন আহমদ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পলি আক্তারের পরিবারকে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার আগে একমাত্র আসামি ফারুক সিকদারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার সময় পলি আক্তারের বাবা সুরুজ মিয়া আদালতে উপস্থিত ছিলেন। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ফারুক সিকদারের বাড়ি পিরোজপুরের নাজিরপুর থানার ছাইলাবুনিয়া গ্রামে। ২০১১ সালে গাজীপুরের কাপাসিয়া থানার চন্ডলতা গ্রামের সুরুজ মিয়ার মেয়ে পলি আক্তারকে বিয়ে করেন ফারুক। তাঁরা রাজধানীর খিলগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ফারুক সিকদার বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুক চেয়ে স্ত্রীকে মারধর করতেন। যৌতুক না দেওয়ায় ২০১৩ সালের ১৪ মার্চ ফারুক তাঁর স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পলি আক্তারকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পলির বাবা সুরুজ মিয়া খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার সময় পলি আক্তারের চার মাসের একটি পুত্রসন্তান ছিল। সেই সন্তানও পরে মারা যায়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০১৪ সালের ১৭ মার্চ ফারুক সিকদারকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।