যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ
যৌতুক না পেয়ে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আঞ্জুমান আক্তার (১৯) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে খইয়াছড়া ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।
এ ঘটনায় আঞ্জুমানের মা মঞ্জুরা বেগম বাদী হয়ে মিরসরাই থানায় হত্যা মামলা করেছেন। মঞ্জুরা বেগম অভিযোগ করেন, চার মাস আগে ওই গ্রামের মোজামেঞ্চল হকের ছেলে ওমর ফারুকের সঙ্গে আঞ্জুমানের বিয়ে হয়। বিয়ের সময় দুই ভরি সোনা এবং আসবাব যৌতুক হিসেবে দেওয়া হয়। এরপর আঞ্জুমানের শ্বশুরবাড়ির লোকজন যৌতুক হিসেবে এক লাখ টাকা দাবি করেন। সর্বশেষ বৃহস্পতিবার সকালে আঞ্জুমান তাঁকে ফোন করে বলেছিলেন, ‘মা আমাকে এখান থেকে নিয়ে যাও, না হয় ওরা আমাকে মেরে ফেলবে।’ যৌতুক না পেয়ে আঞ্জুমানকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বৃহস্পতিবার রাতে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ করেন মঞ্জুরা বেগম।
অভিযোগের ব্যাপারে জানার জন্য ওমর ফারুকের মুঠোফোনে ফোন দেওয়া হলে সাংবাদিক পরিচয় শোনার পর তিনি সংযোগটি কেটে দেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া বলেন, এ ঘটনায় মঞ্জুরা বেগম বাদী হয়ে মামলা করেছেন। বৃহস্পতিবার রাতেই লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের আগে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা বলা যাবে না।