যৌতুক না পেয়ে নববধূকে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যৌতুককে কেন্দ্র করে নাসরিন আক্তার (২৪) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ভোরে উপজেলার কাঁচপুরের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী রেজাউল করিম পলাতক।
এজাহারের উদ্ধৃতি দিয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, কাঁচপুরের ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের পোশাক কারখানায় কাজ করতেন মাগুরার মহম্মদপুর উপজেলার বাটরা গ্রামের হোসেন আলীর মেয়ে নাসরিন আক্তার। গত ১৬ জুন তাঁর সঙ্গে সোনাপুর গ্রামের রেজাউল করিমের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য রেজাউল নাসরিনকে শারীরিকভাবে নির্যাতন করতেন। গতকাল ভোরে তিনি নাসরিনকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যান।
রফিকুল ইসলাম আরও জানান, এ ঘটনায় নাসরিনের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে রেজাউল করিমকে একমাত্র আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেছেন। নাসরিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।