যৌতুক না পেয়ে শ্বশুরের বসতঘরে অগ্নিসংযোগ!
যৌতুক না পেয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামে গত শুক্রবার রাতে কামাল হোসেন নামের এক ব্যক্তি শ্বশুরের বসতঘরে অগ্নিসংযোগ করেছেন বলে অভিযোগ উঠেছে। আগুনে ঘরের একাংশ ও কিছু মালামাল পুড়ে যায়। পরে তিনি স্ত্রী আকলিমা আক্তার ও শাশুড়ি সালেহা বেগমকে পিটিয়ে জখম করেন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আকলিমার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, চরলক্ষ্মী গ্রামের খলিল সিকদারের মেয়ে আকলিমা আক্তারের সঙ্গে তিন বছর আগে একই এলাকার কামাল হোসেনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই যৌতুকের জন্য আকলিমার ওপর নির্যাতন শুরু হয়। ওই সময় কামালকে ৩০ হাজার টাকা দেওয়া হয়। গত সপ্তাহে কামাল আরও ৫০ হাজার টাকা দাবি করেন। আকলিমা টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে তাঁকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
কামালের শাশুড়ি সালেহা বেগম জানান, শুক্রবার রাত ১২টার দিকে কামাল তাঁদের বাড়িতে আসেন। এ সময় যৌতুকের টাকা নিয়ে তর্ক হয়। একপর্যায়ে কামাল ক্ষিপ্ত হয়ে ঘরের চারপাশের বেড়ায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। আগুনে ১৫-১৬টি হাঁস-মুরগি মারা যায়। ঘরের কিছু মালামালও পুড়ে যায়।
কামাল জানান, তাঁর শ্বশুরের ঘরে কে বা কারা আগুন দিয়েছে তা তিনি জানেন না। যৌতুক দাবি, মারধরের অভিযোগও অস্বীকার করেন তিনি।