যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
পঞ্চগড়ের আটোয়ারী পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল হোসেনের (৩০) বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। তাঁর স্ত্রী রূপনা বানু (২৬) আহত অবস্থায় পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন।
রূপনা বানু অভিযোগ করেন, ‘বিয়ের পর থেকে দুলাল কারণে-অকারণে আমাকে মারপিট করতেন। এ নিয়ে কয়েক মাস আগে পঞ্চগড় আদালতে মামলাও করেছি। পরে স্থানীয়ভাবে সালিস বৈঠকে আর মারধর করবে না মর্মে মুচলেকা দিয়ে আমাকে নিয়ে যান। শনিবার স্কুলে যাওয়ার আগে আমাকে বাবার বাড়ি থেকে দেড় লাখ টাকা এনে রাখতে বলেন। রাতে ফিরে টাকা আনিনি জানতে পেরে আমাকে মারপিট শুরু করেন। হাত, পা ও মুখ বেঁধে পিটাতে থাকেন। একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে দেখি আমি হাসপাতালে।’
দুলাল হোসেন বলেন, কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়েছে। এর বেশি কিছু বলা দরকার নেই।