যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে নরসিংদীর পলাশের ডাঙ্গা ইউনিয়নে স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার মামলা হয়েছে। এতে নিহত গৃহবধূর শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই গৃহবধূর নাম হাবিবা বেগম (২২)। তিনি কান্দাপাড়া গ্রামের জহিরুল ইসলামের (২৬) স্ত্রী। তিন মাস আগে তাঁদের বিয়ে হয়। হাবিবা কাজৈর গ্রামের হাবিবুল্লার মেয়ে। তাঁর শাশুড়ির নাম কুলসুম বেগম।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাবিবা ও জহিরুলের সম্পর্ক ভালো ছিল না। প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। শুক্রবার গভীর রাতে হাবিবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান জহিরুল ও তাঁর পরিবার। খবর পেয়ে গতকাল সকালে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রতিবেশী আমেনা বেগম বলেন, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে তিনি অটোরিকশার শব্দ শুনে বেরিয়ে আসেন। দেখেন, স্বামী ও শাশুড়ি ধরাধরি করে হাবিবাকে গাড়িতে ওঠাচ্ছেন। সে সময় হাবিবা সংজ্ঞাহীন ছিলেন।

হাবিবার চাচা আতাউল্লাহ বলেন, বিয়ের সময় তিন লাখ টাকা যৌতুক দেওয়া হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন হাবিবাকে আরও টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এ জন্য প্রায়ই হাবিবাকে শারীরিক নির্যাতন করতেন জহিরুল। কিছুদিন আগে হাবিবাকে ১৫ হাজার টাকা এনে দেওয়ার কথা বলা হয়। এতে রাজি না হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন হাবিবাকে পরিকল্পিতভাবে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহত হাবিবার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। জহিরুল পলাতক রয়েছেন। এ ঘটনায় হাবিবার চাচা স্বামী জহিরুল, শ্বশুর, শাশুড়ি, দেবর ও ননদকে আসামি করে মামলা করেছেন।