যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জ সদর উপজেলায় যৌতুক না পেয়ে কমলা খাতুন (১৮) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলার চর-রানীগ্রামের কমলার শ্বশুরবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামীসহ কমলার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
জানা গেছে, সাত মাস আগে চর-রানীগ্রামের আশিক আলীর সঙ্গে একই উপজেলার চকমিরাকোর গ্রামের সুজাব আলীর মেয়ে কমলার বিয়ে হয়। বিয়ের সময় আশিককে ৩০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। বিয়ের পর যৌতুক হিসেবে আরও অর্থ দেওয়ার জন্য আশিক ও তাঁর বাড়ির লোকেরা কমলার ওপর চাপ সৃষ্টি করেন। এরপর কমলার বাবা সুজাব আলী আশিককে যৌতুক হিসেবে মোটা অঙ্কের টাকা দেন। এর কিছুদিন যেতে না যেতেই আবারও আশিক ও তাঁর পরিবারের লোকজন যৌতুকের জন্য কমলার ওপর নির্যাতন শুরু করেন।
এর জের ধরে গত শুক্রবার রাতে আশিক ও তাঁর পরিবারের লোকজন কমলাকে পিটিয়ে হত্যা করার পর লাশ ঘরের মধ্যে রেখে পালিয়ে যান। গতকাল সকালে এলাকাবাসী ঘরের মধ্যে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে।