যৌতুক না পেয়ে এমন নির্যাতন!
স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে হাতের দুই আঙুল হারিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন সালমা আক্তার (২২)। সিগারেটের আগুনে ঝলসে গেছে শরীরের বিভিন্ন অংশ। তার পরও প্রতিনিয়ত শ্বশুরবাড়ির লোকজনের হুমকির মধ্যে কাটছে তাঁর দিনরাত। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বানিয়ারা গ্রামে।কালিহাতী উপজেলার আগচাড়ান গ্রামের মৃত সুলতান মাহমুদের মেয়ে সালমা আক্তার জানান, ২০০৬ সালে তাঁর বিয়ে হয় একই উপজেলার বানিয়ারা গ্রামের আবদুল মান্নানের ছেলে কিসমত আলীর সঙ্গে। সালমার জন্মের কিছুদিন পরই তাঁর বাবা সুলতান মাহমুদ মারা যান। অভাবের সংসারে টিকতে না পেরে তাঁর মাও দ্বিতীয় বিয়ে করে চলে যান। সেই শিশুকাল থেকে শুরু করে বিয়ের আগ পর্যন্ত চাচা-চাচির সংসারেই বড় হন সালমা আক্তার। অসহায় পিতা-মাতাহীন মেয়েকে এক লাখ টাকা খরচ করে বিয়ে দেন তাঁর চাচা-চাচি। পরে বিদেশে যাওয়ার কথা বলে কিসমত দুই লাখ টাকা নেন সালমার চাচা-চাচির কাছ থেকে। বছর খানেক পর বিদেশ থেকে ফেরত আসেন কিসমত। পরে আবারও বিদেশে যাওয়ার কথা বলে সালমা ও তাঁর চাচার কাছে টাকা দাবি করেন। সালমা চাচার কাছ থেকে টাকা আনতে রাজি না হওয়ায় শুরু হয় তাঁর ওপর নির্যাতন।সালমা জানান, প্রায়ই তাঁর স্বামী সিগারেটের আগুন দিয়ে তাঁর শরীরে ছ্যাঁকা দিতেন। ঝলসে দিতেন শরীরের বিভিন্ন স্থান। স্বামীর এমন পাশবিক নির্যাতনে সহযোগিতা করত শ্বশুর-শাশুড়ি। এতেও যখন কাজ হচ্ছিল না তখন শুরু হয় নির্যাতনের নতুন মাত্রা। শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত সালমাকে গত ২২ সেপ্টেম্বর স্বামী কিসমত আলী ও তাঁর পরিবারের লোকজন ধরে হাতের আঙুলে বিদ্যুতের তার পেঁচিয়ে শক দেয়। এতে সালমার হাতের দুটি আঙুলসহ কয়েকটি স্থানে পুড়ে যায়। এ সময় জ্ঞান হারিয়ে ফেলেন সালমা।পরদিন সালমার অবস্থা গুরুতর হলে পাষণ্ড স্বামী চিকিৎসক দেখানোর কথা বলে তাঁকে এলেঙ্গায় নিয়ে যান। সেখানে একটি দোকানের সামনে বসিয়ে রেখে কিসমত আলী পালিয়ে যান। পরে কিসমত তাঁর শ্বশুরবাড়ির লোকজনদের ফোনে জানান সালমাকে বসিয়ে রাখার কথা। এ সময় সালমার সঙ্গে তাঁর শিশুকন্যাও ছিল। সালমার চাচার বাড়ির লোকজন তাঁকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে দুই দিন থাকার পর উন্নত চিকিৎসার জন্য সালমাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালের চিকিৎসকেরা সালমার হাতে পচন ধরায় বাম হাতের দুটি আঙুল কেটে ফেলেন। অবস্থার একটু উন্নতি হলে আবার সালমাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।বর্তমানে সালমা টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ৭নং ওয়ার্ডে চিকিৎসাধীন। সেখানেই এই প্রতিবেদককে তিনি তাঁর ওপর নির্যাতনের বর্ণনা করেন।হাসপাতালে সালমার সঙ্গে থাকা তাঁর নানি জানান, এর আগেও কিসমত সালমাকে টাকার জন্য নির্যাতন করেছেন। গত মঙ্গলবার সালমার স্বামী হাসপাতালে এসে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়ায় সালমা ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আতঙ্ক আর ভয়ের মধ্যে হাসপাতালে কাটছে প্রতিটি মুহূর্ত।এ ব্যাপারে কিসমত আলী বা তাঁর বাবা-মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।