যৌতুক না পেয়ে গৃহবধূকে এসিডে ঝলসে দিল স্বামী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে শেরপুরে তানিয়া বেগম নামের এক গৃহবধূকে তাঁর স্বামী এসিডে ঝলছে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় স্বামী আবদুর রশীদকে গ্রেপ্তার করেছে।শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন তানিয়া ও তাঁর মা আম্বিয়া খাতুন বলেন, সাত বছর আগে ওই গ্রামের ইয়াদ আলীর ছেলে আবদুর রশীদের (৩৫) সঙ্গে তানিয়ার বিয়ে হয়। তাঁদের ঘরে চার বছরের একটি ছেলে ও দুই বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই রশীদ তানিয়া ও তাঁর পরিবারকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। এ জন্য প্রায়ই তিনি তানিয়াকে মারধর করতেন। দেড় মাস আগে যৌতুকের টাকা দেওয়া সম্ভব নয় জানিয়ে দিলে রশীদ তানিয়াকে মারধর করে দুই সন্তানসহ বাড়ি থেকে বের করে দেন। এর পর থেকে তানিয়া তাঁর বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। শুক্রবার সকালে রশীদ শ্বশুরবাড়িতে এসে পুনরায় যৌতুকের টাকা দেওয়ার জন্য চাপ দেন। টাকা না দিলে তাঁর দুই সন্তানকে ছিনিয়ে নিয়ে যাবেন বলে হুমকি দিয়ে চলে যান।শুক্রবার সন্ধ্যায় ইফতার করার কিছুক্ষণ পর ঘরের সামনে বসে ছিলেন তানিয়া। এ সময় স্বামী রশীদ ও দেবর মোক্তার হোসেন তাঁর শরীরে অ্যাসিড ছুড়ে মারেন। চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা চন্দন চক্রবর্তী জানান, এসিডে তাঁর পিঠের বিভিন্ন অংশ ও কোমরের নিচ থেকে ডান পায়ের হাঁটু পর্যন্ত ঝলসে গেছে।তানিয়ার মা আম্বিয়া খাতুন অভিযোগ করেন, গতকাল তানিয়ার শাশুড়ি রোকেয়া বেগম হাসপাতালে এসে তানিয়ার দুই শিশুসন্তানকে জোর করে নিয়ে গেছেন।গতকাল রাত ১০টার দিকে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম হোসেন বলেন, এ ঘটনায় তানিয়ার বাবা শাহ আলম বাদী হয়ে আবদুর রশীদ ও তাঁর ভাই মোক্তার হোসেনকে আসামি করে মামলা করেছেন। আবদুর রশীদকে গতকাল দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।