যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন?
যৌতুকের টাকা না দেওয়ায় রত্না আক্তার (২০) নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে রাজধানীতে যাত্রাবাড়ীর আদর্শবাগ এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার তাঁকে মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকহরিচরণ গ্রামের আলাউদ্দিনের ছেলে রেজাউলের সঙ্গে পাশের রানীনগর গ্রামের ছিদ্দিকুর রহমানের মেয়ে রত্না আক্তারের বিয়ে হয়। বিয়ের পর রত্না তাঁর স্বামীর সঙ্গে যাত্রাবাড়ীর আদর্শবাগ এলাকায় ছিলেন। তাঁদের চার বছরের একটি ছেলে রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রত্না আক্তার জানান, তাঁর স্বামী বেকার। শ্বশুরের আয়-রোজগারে পুরো সংসার চলে। বছর খানেক আগে রেজাউল ব্যবসা করার জন্য তাঁকে বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা আনতে বলেন। টাকা না পেয়ে তাঁকে প্রায় সময় মানসিক নির্যাতনের শিকার হতে হয়। মাঝেমধ্যে মারধরও করা হয়। গত মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁকে লোহার পাইপ দিয়ে রেজাউল বেদম পেটান। গতকাল ভোরে একইভাবে মারপিট করে গলা চেপে ধরেন রেজাউল। সকালে ছেলেকে সঙ্গে নিয়ে তিনি বাবার বাড়ি চলে আসেন।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বজলুর রশিদ জানান, ওই গৃহবধূ মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
রত্নার বাবা সিদ্দিকুর রহমান বলেন, ‘যৌতুকের কারণে দীর্ঘদিন ধরে রত্নাকে নানাভাবে নির্যাতন করা হয়েছে। মেয়ের সংসারের দিকে তাকিয়ে সহ্য করেছি। এবার আদালতে মামলা করব।’
এ ব্যাপারে জানতে গতকাল সন্ধ্যায় রেজাউল করিমের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, গৃহবধূকে নির্যাতনের ঘটনায় কেউ অভিযোগ করেনি। তাছাড়া ঘটনাটি ঢাকার যাত্রীবাড়ী এলাকার। এ কারণে যাত্রীবাড়ী থানাতেই মামলা করতে হবে। ভুক্তভোগী গৃহবধূ আদালতেও মামলা করতে পারেন।