যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন, চারজন গ্রেপ্তার
সিরাজগঞ্জ সদর উপজেলায় যৌতুক না পেয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন নূর নাহার বেগম নামের এক গৃহবধূকে নির্যাতনের পর মাথার চুল কেটে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বাগবাটি ইউনিয়নের ধলডর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা নূর নবী সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন। পুলিশ মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে।নির্যাতনের শিকার গৃহবধূ নূর নাহার বলেন, চার বছর আগে ওই গ্রামের গোলাম হোসেনের ছেলে শাহ আলমের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের সময় শাহ আলমকে ১০ হাজার টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়। কিছু দিন যেতে না-যেতেই শাহ আলম আরও দুই লাখ টাকা যৌতুকের দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানানোয় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাঁকে নির্যাতন চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার স্বামী শাহ আলম, শাশুড়ি আছিয়া বেগম, ভাশুর লাল চান ও দেবর কুদ্দুস তাঁকে নির্যাতনের পর মাথার চুল কেটে দিয়ে শিশুসন্তানসহ বাড়ি থেকে তাড়িয়ে দেন। মামলার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ আলম বলেন, রোববার রাতেই মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।