যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন
পটুয়াখালীর বাউফলে যৌতুক না পেয়ে নার্গিস বেগম (২৮) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার খেজুরবাড়িয়া গ্রামে গত সোমবার এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত কাঞ্চন আলী খলিফার ছেলে খলিলুর রহমানের সঙ্গে ২০০১ সালে তাতেরকাঠি গ্রামের মৃত রত্তন আলী মৃধার মেয়ে নার্গিস বেগমের বিয়ে হয়। নার্গিসের বড় ভাই মোসলেম উদ্দিন বিয়ের সময় ভগ্নিপতিকে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ লক্ষাধিক টাকার মালামাল দেন। গত সোমবার নার্গিসের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন খলিল। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় খলিলসহ কয়েকজন নার্গিসকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁরা হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেন।সন্ধ্যা সাতটার দিকে খবর পেয়ে নার্গিসের ভাগনে রুহুল আমীন বাউফল থানা থেকে পুলিশ নিয়ে ওই বাড়ি থেকে তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ বিষয়ে খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, এ ঘটনায় নার্গিস বেগম গত মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।