যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন স্বামী পলাতক
নেত্রকোনার কেন্দুয়ায় যৌতুক ও জুয়ার টাকা না পেয়ে এক নারীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারীর স্বামীসহ দুজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। মারধরের শিকার ওই নারী জানান, কয়েক বছর আগে একই উপজেলার গড়াডোবা ইউনিয়নের হাঁসকান্দা গ্রামের আবুল কালামের ছেলের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী আবুল কাশেমসহ শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। একপর্যায়ে নিরুপায় হয়ে টাকার জন্য তিনি বাবার বাড়ি যান। গত রোববার আবুল কাশেম কৌশলে তাঁকে (গৃহবধূ) নিজ বাড়িতে নিয়ে যান। বাড়ি থেকে টাকা আনতে ব্যর্থ হওয়ায় রোববার রাতেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করেন। পরদিন সকালে দুই হাত বেঁধে তাঁকে আবারও মারধর করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পলাতক থাকায় এ ব্যাপারে আবুল কাশেমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গৃহবধূ বলেন, ‘দুই হাত পেছন দিকে বাইন্দা আমার স্বামী আমাকে গরম কাঁছি (কাস্তে) দিয়া ছ্যাঁকা দিছে। এ সময় আমি যাতে নড়াচড়া করতে না পারি, সে জন্য অন্যরা ধইরা রাখছে। আমি এর উপযুক্ত বিচার চাই।’ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ওই নারীর মুখে ও গলায় লোহাজাতীয় বস্তুর ছ্যাঁকা দেওয়ার ক্ষত রয়েছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় ওই নারীর স্বামীসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।